ফুলবাড়ী থানার দুই এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চোরাকারবারিদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসঅই) প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন রাসেল মণ্ডল ও আসাদুজ্জামান আসাদ।

পুলিশ ও ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার সময় ফুলবাড়ী সীমান্তের গংগারহাটের আজোয়াটারী ইঁদারার পাড় এলাকা থেকে একটি ভারতীয় টিভিএস মোটরসাইকেল, ৫০ বোতল ফেনসিডিল ও ২০ বোতল চুপসিসহ (ফেনসিডিল-জাতীয় মাদক) আনোয়ারুল হক ওরফে ডিপু নামের এক ব্যক্তিকে আটক করেন এএসআই রাসেল মণ্ডল ও আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে আজোয়াটারী ইঁদারার পাড় এলাকায় আনোয়ারুলের লোকজনের কাছ থেকে দুই এএসআই এক লাখ ৩০ হাজার টাকা ঘুষ নেন। এর বিনিময়ে আনোয়ারুলের বিরুদ্ধে শুধু ১০ বোতল চুপসি উদ্ধার দেখিয়ে মামলা করা হয় এবং মোটরসাইকেল ও ফেনসিডিল ফেরত দেওয়া হয়। এ ঘটনা জানাজানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। বিব্রতকর পরিস্থিতিতে পুলিশ প্রশাসন ওই দুই এএসআইকে প্রত্যাহার করে নেয়। গতকাল শনিবার থেকে তাঁদের রাজীবপুর ও চিলমারী থানায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার মধুসূদন রায় বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।