ফুলবাড়ী থেকে অতিদরিদ্রের কাজের টাকা ফেরত গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১৪ লাখ টাকা ফেরত পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শ্রমিকদের তালিকা দেরিতে দাখিল করায় এই প্রকল্পের টাকা ফেরত গেল। এতে বঞ্চিত হলেন কাশিপুর ও ফুলবাড়ী সদর ইউনিয়নের শ্রমিকেরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের কাজের) আওতায় প্রথম পর্যায়ে ফুলবাড়ীতে ২ হাজার ৬১৩ জন শ্রমিকের টাকা বরাদ্দ আসে। সেই অনুযায়ী জনসংখ্যা নির্ণয় করে উপজেলার ছয়টি ইউনিয়নে শ্রমিক বণ্টন করা হয়। অতিদরিদ্র শ্রমিকদের তালিকা সময়মতো চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা দাখিল করায় তাঁদের কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। কিন্তু তালিকায় শ্রমিক অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় কাশিপুর ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কাজ সাত দিন পিছিয়ে পড়ে। এই প্রকল্পের কাজ ১৫ ফেব্রুয়ারি সমাপ্ত হলে বিপাকে পড়েন পিছিয়ে পড়া শ্রমিকেরা। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর থেকে বকেয়া সাত দিনের কাজ করানোর সময় বৃদ্ধি চেয়ে চিঠি দেওয়া হলেও কাজ হয়নি। ফলে কাশিপুর ও ফুলবাড়ী সদর ইউনিয়নের ওই প্রকল্পের ১৪ লাখ ৫ হাজার ৪০০ টাকা ফেরত পাঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ফুলবাড়ী সদর ইউপির চেয়ারম্যান ময়নুল হক বলেন, ‘এখন জমিতে ধান। মাটি কাটার অবস্থাও নেই। এ কারণে আমি কাজের সময় বৃদ্ধির জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে আবেদন করেছিলাম। কিন্তু সময় দেওয়া হয়নি। তাই গরিবের টাকা ফেরত গেছে।’
কাশিপুর ইউপির চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, ‘সময়মতো তালিকা তৈরি করেছিলাম। পরবর্তী সময়ে কয়েকজন শ্রমিকের নাম পরিবর্তন করে পাঠাতে দেরি হয়েছে। এ কারণে টাকা ফেরত গেছে।’
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার কুণ্ডু বলেন, চেয়ারম্যানরা তালিকা নিয়ে লুকোচুরি করায় ওই দুটি ইউনিয়নে সমস্যা হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্রনাথ ওঁরাও বলেন, ওই দুই ইউনিয়নের চেয়ারম্যানরা সময়মতো তালিকা জমা ও কাজ শুরু না করায় টাকাগুলো ফেরত গেছে।