ফুলবাড়ী পৌরসভার মেয়রকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। গতকাল বুধবার এ বিক্ষোভ, সমাবেশ করে সংগঠনটি। এদিকে এশিয়া এনার্জির দায়ের করা মামলায় অভিযুক্ত দেখিয়ে পৌর মেয়র মুরতুজাকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সেই সঙ্গে ফুলবাড়ী রক্ষার দাবিতে আন্দোলনকারীদের নামে দায়ের মামলা প্রত্যাহার করে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছে সিপিবি।
ফুলবাড়ী উপজেলা ব্যবসায়িক সমিতি কার্যালয়ের সামনে থেকে বিকেল পাঁচটার দিকে সম্মিলিত অরাজনৈতিক পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের নিমতলা মোড়ে প্রতিবাদ সভা হয়। শেখ সাবীর আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফুলবাড়ী পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, পৌর কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, ফুলবাড়ী উপজেলা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি ফারুক আহম্মেদ, ফুলবাড়ী উপজেলা দরজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাইদ, ফুলবাড়ী টিউবওয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, ডেকোরেটর মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন, তরুণ ব্যবসায়ী সমিতির সদস্য মমিনুল ইসলাম, উজ্জ্বল গুপ্ত, রুবেল হোসেন, ফুলবাড়ী হকার্স সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ প্রমুখ।
অন্যদিকে ফুলবাড়ী উপজেলা সিপিবি গতকাল বিকেল চারটার দিকে পৌর শহরের নিমতলা মোড়ে প্রতিবাদ সভা করে। উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জয়প্রকাশ গুপ্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় পৌরসভার সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান জামান, কমল চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ফুলবাড়ী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিককে এশিয়া এনার্জির দায়ের করা মামলায় অভিযুক্ত দেখিয়ে বরখাস্ত করার তীব্র নিন্দা জানান। তাঁরা এ মামলা প্রত্যাহার করে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারের দাবিও জানান। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ‘ফুলবাড়ী থানায় এশিয়া এনার্জির দায়ের করা মামলায় পৌর মেয়র মুরতুজা সরকার মানিককে অভিযুক্ত করায় স্থানীয় সরকার (পৌরসভা) মুরতুজা মানিককে সাময়িক বরখাস্ত করা হলো। একই আদেশে ১ নং প্যানেল মেয়র মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।’
২০১৪ সালের ২৬ নভেম্বর এশিয়া এনার্জির প্রধান গেরি এন লাই ফুলবাড়ী এসে বৈঠক করার সময় উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনকারীরা এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও করেন। এ ঘটনায় মুরতুজা সরকারসহ তেল-গ্যাস রক্ষা কমিটির ১০ নেতার বিরুদ্ধে মামলা করেন এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান। ২০১৫ সালের ৮ নভেম্বর দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত মুরতুজাকে জামিন দেন।