ফুলবাড়ী-বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে বলেন, কমিটির সদস্যদের সাম্প্রতিক জার্মানি সফরের অভিজ্ঞতার আলোকে এ সুপারিশ করা হয়েছে। কমিটি মনে করে, পানি ও পুনর্বাসন ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করা গেলে বড়পুকুরিয়া ও ফুলবাড়ী কয়লা খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা সম্ভব হবে। এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে পরিবেশগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক গোষ্ঠী কয়লা তোলায় আপত্তি জানাতে পারে।জার্মানির কোলনের তিনটি উন্মুক্ত কয়লা খনি পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে সুবিদ আলী বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে দেশ মরুভূমি হয়ে যাবে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সঠিক নয়। জার্মানিতে তেমন কোনো আলামত দেখা যায়নি।তবে কমিটি এই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার ক্ষেত্রে জার্মানি ও বাংলাদেশের তুলনামূলক আয়তন ও জনসংখ্যার পার্থক্য বিবেচনায় নিয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে কমিটির সভাপতি এড়িয়ে যান।সুবিদ আলীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক, নিলুফার জাফর উল্লাহ, ওমর ফারুক চৌধুরী ও আবদুল্লাহ আল ইসলাম উপস্থিত ছিলেন।