ফুলবাড়ী-রংপুর সড়কে বাস চলাচল বন্ধ তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসশ্রমিকদের মারধরের জের ধরে ফুলবাড়ী-রংপুর সড়কে তিন দিন ধরে বাস চলাচল বন্ধ আছে। আর ওই ঘটনায় শ্রমিকদের দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টায় শ্রমিকেরা ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকেরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্রকে বাসশ্রমিকেরা মারধর করেন। এর জের ধরে গত বুধবার দুপুরে মধ্যপাড়ায় এলাকাবাসী ও ছাত্ররা তিনজন শ্রমিকদের মারধর করে। ওই ঘটনায় বাসশ্রমিকেরা গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে আড়াই ঘণ্টা ফুলবাড়ী শহরে ফুলবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ফুলবাড়ী গোবিন্দগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। ফুলবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোহসীন আলী সরকার বলেন, পুলিশ সুপার আজ (গতকাল) শুক্রবারের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। উপযুক্ত ব্যবস্থা না নিলে ফের সড়ক অবরোধ করা হবে।