দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার বারকোনা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গতকাল রোববার এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম প্রদীপ চন্দ্র রায় (৬০)। তাঁর বাড়ি বিরামপুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর গ্রামে।
প্রদীপ চন্দ্র রায়ের মৃত্যুতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ শোক প্রকাশ করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী বলেন, প্রদীপ চন্দ্র রায় বাইসাইকেলে চড়ে বিরামপুর থেকে ফুলবাড়ী সদরে আসছিলেন। বারকোনা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি তাঁর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পুলিশ সেটি থানায় নিয়ে এসেছে।