কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি যুবক মুকুল মিয়া (২৬)মারা গেছেন। গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের খালিষাকোটাল ৯৩৪ নম্বর আন্তর্জাতিক সীমানার মেইন পিলারের কাছ দিয়ে ভারত ও বাংলাদেশের এক যৌথ গরু চোরাকারবারি দল গরু নিয়ে বাংলাদেশে ঢুকছিল। এ সময় সীমান্তের ১২৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের বশকোটাল ক্যাম্পের সদস্যরা দলটি লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মুকুল মিয়া পিঠে গুলিবিদ্ধ হন। মুকুল ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মুকুল মিয়ার আত্মীয় ইব্রাহিম ও আইয়ুব আলীর ভাষ্যমতে, গুলিবিদ্ধ হওয়ার পর মুকুল সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পড়ে ছিলেন। বিএসএফের সদস্যরা তাঁকে টেনেহিঁচড়ে ক্যাম্পে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাঁকে প্রথমে ভারতের দিনহাটা হাসপাতাল ও পরে কোচবিহারের হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে তিনি মারা যান।