ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জলপাইতলী সীমান্ত থেকে বুধবার রাতে বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তাঁর নাম মো. সাইফুল ইসলাম (২৭)। গ্রামবাসীর অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাঁকে পিটিয়ে মেরেছেন।
সাইফুল ইসলাম জলপাইতলী সীমান্তঘেঁষা বানাহার গ্রামের মো. মকলেছার রহমানের ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই মোশাররফ হোসেন (৩৫) বাদী হয়ে ফুলবাড়ী থানায় গতকাল বৃহস্পতিবার সকালে মামলা করেছেন।
মোশাররফ হোসেন বলেন, বুধবার রাত আটটার দিকে বৃষ্টির মধ্যে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হন সাইফুল। রাত ১১টার দিকে বিজিবি তাঁর মৃত্যুর খবর জানায়।
বিজিবির দিনাজপুর সেক্টরের অধীন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী বলেন, সীমান্তচৌকির সৈন্যরা টহল দেওয়ার সময় রাত সাড়ে ১০টার দিকে সাইফুল ইসলামের মৃতদেহ দেখতে পান। তাঁরা বিষয়টি তৎক্ষণাৎ তাঁকে জানালে তিনি ঘটনাস্থলে যান। বিজিবির পক্ষ থেকে বিষয়টি ফুলবাড়ী থানাকেও জানানো হয়।
কোরবান আলী বলেন, জলপাইতলী সীমান্তচৌকির ৩০৪/১ এফ নম্বর পিলারের কাছে বাংলাদেশ সীমানার ২০০ গজ ভেতরে একটি জলাশয়ে সাইফুলের লাশ পাওয়া যায়।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী বলেন, সাইফুল ইসলাম একজন কৃষক। তাঁদের অভিযোগ, বিএসএফের হাতেই তিনি নিহত হয়েছেন। তবে পুলিশ ও বিজিবির ভাষ্য, সাইফুলের লাশ সীমান্তের অনেক ভেতরে পাওয়া গেছে। অত দূর থেকে কাউকে হত্যা করতে চাইলে গুলি চালাতে হবে। কিন্তু সাইফুল ইসলামের শরীরে গুলির কোনো চিহ্ন নেই।
বিজিবির অধিনায়ক বলেন, সাইফুলের শরীরের সামনের অংশ ঝলসানো ছিল। রাতে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এতে তাঁর মৃত্যু হতে পারে।
ফুলবাড়ী থানার ওসি মো. মকছেদ আলী বলেন, সাইফুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর মাথার পেছনে জখমের চিহ্ন পাওয়া গেছে এবং কান দিয়ে রক্তপাত হতে দেখা গেছে।