ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জোড়াতালির সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নয়টি পদ থাকলেও আছেন মাত্র একজন। ওই একজন এবং ছয়জন চিকিৎসা সহকারী দিয়ে জোড়াতালি দিয়ে চলছে সেবা কার্যক্রম।চিকিৎসক-সংকটে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসক না থাকায় উপস্বাস্থ্যকেন্দ্রগুলোয় কর্মরত চারজন চিকিৎসা সহকারী রোগীদের সেবা করছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের শূন্যপদগুলো হচ্ছে: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও), আবাসিক চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসা কর্মকর্তা, ডেন্টাল সার্জন, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), জুনিয়র কনসালট্যান্ট (সার্জন) ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া)। বর্তমানে রোগীদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল আজাদ মণ্ডল, এলুয়ারি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী মো. বিপ্লব বিশ্বাস, আলাদীপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মনিষা গুপ্তা, খয়েরবাড়ী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের রাশেদুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সেলিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্তারুজ্জামান ও শামসুন্নাহার। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. মিজানুর রহমান বলেন, একজন চিকিৎসক প্রশাসনিক কাজ করবেন, নাকি চিকিৎসা দেবেন। এখানে রোগীর প্রচণ্ড চাপ। ফুলবাড়ী উপজেলার লোকজন ছাড়াও বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার কিছু অংশের রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। এখানে জরুরি বিভাগে প্রতিদিন অন্তত ১৫০ জন রোগী চিকিৎসা নেন। বহির্বিভাগে ২৫০-৩০০ এবং অন্তর্বিভাগে ৪০ জনেরও বেশি রোগী ভর্তি থাকে। টেকনিশিয়ান অরুণ সরকার বলেন, এখানে ১৯৮২ সালের একটি এক্স-রে মেশিন আছে, ফিল্ম নেই তাই এক্স-রে বন্ধ আছে। যোগাযোগ করেও ফিল্ম পাওয়া যাচ্ছে না। ফিল্মের অভাবে অধিকাংশ সময় এক্স-রে বন্ধ থাকে। দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল আজাদ মণ্ডল বলেন, একজনের পক্ষে এত কাজ করা কঠিন, এর পরও করতে হচ্ছে। এক্স-রে মেশিনের ফিল্ম নেই। চিকিৎসক-সংকটের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরেও এ সমস্যার সমাধান হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমানের বাড়ি এখানে। তিনি একটু সুদৃষ্টি দিলেই এ সমস্যার সমাধান হবে।