ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র বিকল সাত মাস
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি সাত মাস ধরে বিকল পড়ে আছে। এতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বাইরে গিয়ে এক্স-রে করাতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।খাজাপুর গ্রামের মকবুল হোসেন (৪৫) নামের এক রোগী বলেন, ‘পেটের প্রচণ্ড বেদনা (ব্যথা) নিয়ে সপ্তাহ খানেক আগে হাসপাতালোত ভর্তি হইছিনু। ডাক্তার এক্স-রে করবার কয়ছিল। হাসপাতালের যন্ত্র নষ্ট, টাকা দিয়ে বাহিরোত থাকি এক্স-রে করবা নাগবি। মোর টাকা জোগাড় করতে দুদিন সময় নাগিছে। ৩৫০ টাকা দিয়ে বাজার থাকি এক্স-রে করে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার কইছে দেরি করার কারণে মোর পেটের নালি নাকি ফাটি গেইছে। এখন অপারেশন করবা কইছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডি এস মাহফুজুল হক বলেন, এখানে রোগীর প্রচণ্ড চাপ। এক্স-রে যন্ত্র চালু করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।