বিডিআর বিদ্রোহের মামলায় দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জনকে ছয় মাস থেকে ছয় বছরের বিভিন্ন মেয়াদে কারদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে এ রায় দিয়েছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-এর সভাপতি বিডিআর দিনাজপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ।এদিকে রাঙামাটির ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৫ ফেব্রুয়ারি।ফুলবাড়ী ব্যাটালিয়নের সাজাপ্রাপ্তদের মধ্যে নায়েব সুবেদার মো. নুরুল ইসলামকে ছয় বছর, ল্যান্স নায়েক সাইফুল ইসলামকে পাঁচ বছর ছয় মাস; সিপাহি মো. আবদুর রহমান, আমীর হোসেন, কুতুব উদ্দিন আইবেক, খন্দকার মো. শাহীন ও জাকির হোসেনকে পাঁচ বছর; সিপাহি শাহজাহান চৌধুরীকে চার বছর ছয় মাস; সুবেদার মেজর মো. আজিজুল ইসলাম এবং হাবিলদার মো. কাওসার তালুকদার, সুজাউল ইসলাম খান, রায়হানুল ইসলাম ও ইউসুফ আলীকে চার বছর; নায়েক তোফাজ্জল হোসেনকে তিন বছর নয় মাস, হাবিলদার মাইনুল ইসলাম, সিপাহি মোক্তার হোসাইন ও মিনহাজ মিয়া এবং নায়েক আবুল কালাম আজাদকে তিন বছর, হাবিলদার মো.ওয়ারেছকে দুই বছর ছয় মাস, সিপাহি নাছরুল করিমকে দুই বছর তিন মাস, ল্যান্স নায়েক খন্দকার মাহিরুল ইসলামকে এক বছর ছয় মাস, সিপাহি বোরহান উদ্দিনকে এক বছর ও সিপাহি মো. শাহাদৎ হোসেনকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।ফুলবাড়ী ৪০ ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ২৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হয় গত বছরের ২৬ অক্টোবর। গত ২০ ডিসেম্বর অভিযোগ গঠনের পর পাঁচজন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন। ২০ থেকে ২২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর জেরা ও যুক্তিতর্ক শেষে গতকাল রায় ঘোষণা করা হয়।এর আগে গতকাল সকালে অভিযুক্ত ২৩ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। বিচারকাজে সহায়তা করেন লে. কর্নেল মো. মাহফুজ আলম, মেজর দীদার-আল-লতিফ ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিশ্বজিৎ রায়। কৌঁসুলি ছিলেন ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার।বিডিআর রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এর কার্যক্রম শুরু হয় গতকাল সকাল ১০টায়। শুরুতে মামলার সরকারি কৌঁসুলি ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান বক্তব্য দেন। এরপর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য দাখিল করেন। তাঁরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের মধ্যে তিনজন বক্তব্য পেশ করেন। এরপর আদালতের সভাপতি বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান আগামী ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ ধার্য করে ওই দিন পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।