ফুলবাড়ীতে অর্পিত সম্পত্তির তালিকা নিয়ে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশের পর হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।কাঁটাবাড়ী গ্রামের সুবাস প্রসাদ বলেন, ‘ছয় মাস আগে আমার ৭ শতাংশ বসতভিটার খাজনা দিয়েছি, অথচ গেজেটে ওই সম্পত্তিও অর্পিত করা হয়েছে।’হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁরা এ দেশ থেকে ভারতে চলে গেছেন, কেবল তাঁদের স্থাবর সম্পত্তিই অর্পিত হওয়ার কথা। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর কয়েক দফায় অর্পিত সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছে। এতে হিন্দুদের জমি গণহারে অর্পিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গৌরিপাড়া গ্রামের দেবল কুমার সরকার বলেন, বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী বিষ্ণু প্রসাদ ও রাজেন্দ্র প্রসাদ অন্তত এক শ বছর ধরে এখানে স্থায়ীভাবে বসবাস করছেন, অথচ তাঁদের অধিকাংশ সম্পত্তি বিভিন্ন সময়ে অর্পিত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় বলেন, ১৯৯৮ সালে দাতব্য প্রতিষ্ঠান সেবাশ্রমের প্রায় ৪০ শতক জমি অর্পিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পৌর শহরের বাসিন্দা অমরচাঁদ গুপ্ত, কাউন্সিলর জয়প্রকাশ গুপ্ত, কমল চক্রবর্তী, সঞ্জিত প্রসাদ ও অজিত প্রসাদ জানান, বিভিন্ন সময়ে গণহারে হিন্দুদের জমি অর্পিত তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। অবমুক্তকরণের ক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদনের জন্যও মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামাল মোহাম্মদ রাশেদ বলেন, গেজেটে নাম উঠলেই জমি অর্পিত হবে না। প্রকৃত কাগজপত্র থাকলে কোনো ভয় নেই।