ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি
নির্দিষ্ট কসাইখানা থাকা সত্ত্বেও দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কয়েকটি প্রধান সড়কের মোড়ে মোড়ে অন্তত ১২টি স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে গরু-মহিষের মাংস বিক্রি করা হচ্ছে।
পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা এম এ কাইয়ুম, চকচকা গ্রামের বকুল সরকার ও গৌরীপাড়া গ্রামের এস এম নুরুজ্জামান জানান, লোকজন মরা গরুর মাংস খাচ্ছে নাকি রোগাক্রান্ত গরু-মহিষের মাংস খাচ্ছে, তা বোঝার কোনো উপায় নেই। পৌর কর্তৃপক্ষের দেখভাল একেবারেই নেই। সড়কে সারা দিন যানবাহন চলাচল করে তাতে ধুলাবালিতে মাংসগুলো খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, শহরের অভ্যন্তরে দুটি স্থানে পৌরসভার নির্ধারিত কসাইখানা রয়েছে। একটি পার্বতীপুর সড়কে নদীর পাশে, অন্যটি স্বজনপুকুর এলাকার রেলঘুমটিতে। সেখানে গরু জবাই ও মাংস বিক্রির জন্য শেড নির্মাণ করা আছে।
আমিনুল ইসলাম, শমসের আলী, হামিদুল হকসহ কয়েকজন মাংস বিক্রেতা জানান, পৌরসভা থেকে অনুমতি নিয়ে তাঁরা সড়কের পাশে দোকান বসিয়েছেন। সবাই রাস্তার পাশে মাংস বিক্রি করে, তাই তাঁরাও করেন। পৌরসভা বাধা দিলে কসাইখানায় চলে যাবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার বাজার এলাকায় প্রতিদিন অন্তত ১২টি গরু জবাই করা হয়। শুক্র ও সোমবার দুদিন সাপ্তাহিক হাট বসে। হাটের দিনে ২০টির মতো গরু জবাই হয়। এর মধ্যে নির্ধারিত কসাইখানায় তিন-চারটি গরুর মাংস বিক্রি হয়। বাকিগুলো ফুলবাড়ী-ঢাকা মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকা, বটতলী মোড়, নিমতলা মোড়ের পূর্ব পাশে, তৃপ্তি হোটেলের পাশে, উত্তরবঙ্গ হোটেলের পাশে ও রেলগেটের চারটি স্থানে মাংস বিক্রি করা হয়। এ ছাড়া পৌরসভার অন্য সড়কের ঝোলাপাড়া (বউবাজার), পার্বতীপুর সড়কের হাজির মোড় ও টিটিইর মোড়ে (পথচারী সেতুর পাশে) গরুর মাংস বিক্রি করা হয়।
পৌরসভার সচিব মাহাবুবুর রহমান বলেন, পৌরসভার আগামী মাসিক সভায় বিষয়টি উত্থাপন করে ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভায় স্যানেটারি ইন্সপেক্টরের পদটি শূন্য আছে বলে জানান তিনি।
পৌরসভার মেয়র মানিক সরকার বলেন, এখানে সড়কের পাশে মাংস বিক্রির বিষয়টি নতুন কিছু নয়। আগের মেয়র এ পদ্ধতি চালু করে রেখেছেন। একবার একটি পদ্ধতি চালু হলে সেটি বন্ধ করা মুশকিল। এরপর শিগগিরই বিষয়টির একটি সুরাহা করা হবে।