ফুলবাড়ীতে একসঙ্গে তিন সন্তান প্রসব
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গতকাল বুধবার মর্জিনা বেগম (৩০) নামের এক নারী তিন সন্তান প্রসব করেছেন।
মর্জিনা বেগম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের সহিদুর রহমানের স্ত্রী।
সহিদুর রহমান বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টায় দিকে তাঁর স্ত্রী মর্জিনার প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন স্থানীয় পল্লি চিকিৎসক ইয়াকুব আলীকে বাড়িতে ডেকে আনেন। ইয়াকুব আলী চিকিৎসা শুরুর আধা ঘণ্টা পর পরপর দুটি ছেলে সন্তান জন্ম দেন মর্জিনা। এর ৫ মিনিট পর আরও একটি কন্যা সন্তান প্রসব করেন মর্জিনা। কিন্তু ওই তিন সন্তান প্রসবের পরপরই মর্জিনা অচেতন হয়ে পড়েন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ওই তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে শিশুদের একনজর দেখতে গজেরকুটি গ্রামের লোকজন ও আশপাশ এলাকার লোকজন সহিদুর রহমানের বাড়িতে ভিড় করেন।
এ ব্যাপারে পল্লি চিকিৎসক ইয়াকুব আলী বলেন, সন্তানেরা ভালো আছে। তবে মায়ের অবস্থা ভালো না। চিকিৎসা চলছে। পরিবারটি খুবই গরিব।