ফুলবাড়ীতে ওয়ার্কার্স পার্টির কার্যালয় বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে দখল হয়ে যাওয়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয় উদ্ধারের দাবিতে ফুলবাড়ী শহরে মিছিল ও স্থানীয় নিমতলা মোড়ে সমাবেশ হয়েছে। গতকাল রোববার দুপুরে এ কর্মসূচি পালন করে দলটি।
সিরাজুল ইসলাম ওরফে গামা নামের এক ব্যক্তি ১২ ফেব্রুয়ারি রাতে কার্যালয়টির দেয়াল ভেঙে এটি দখলে নেন বলে অভিযোগ ওঠেছে।
গতকাল সমাবেশে রাজনৈতিক দলটির নেতারা অভিযোগ করেন, সিরাজুল ইসলাম উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু। তিনি ১২ ফেব্রুয়ারি গভীর রাতে হঠাৎ দেয়াল ভেঙে কার্যালয়টি দখল করে নেন। পরদিনই বিষয়টি পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক শফিকুল ইসলাম শিকদার বলেন, তিন শতক আয়তনের ওই জমির প্রকৃত মালিক সরকার। ১৯৯০ সালে সেখানে ওয়ার্কার্স পার্টির স্থানীয় কার্যালয়টি করা হয়। ১৯৯৪ সাল থেকে একই কক্ষ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নও তাঁদের কার্যালয় হিসেবে ব্যবহার করছে। দেয়াল ভেঙে কার্যালয়টি দখল করে নেওয়ায় দুটি সংগঠনের প্রয়োজনীয় নথি, ভোটার তালিকার সিডি, আসবাবসহ প্রায় দুই লাখ টাকার মালামাল খোয়া গেছে।
সিরাজুল ইসলাম বলেন, ‘ক্রয়সূত্রে ওই জমির মালিক আমি। এতদিন জায়গাটা ওদেরকে ব্যবহার করতে দিয়েছিলাম।’
থানার ওসি রবিউল ইসলাম খান বলেন, আইনি জঠিলতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ওপর মহলের চাপও আছে।