ফুলবাড়ীতে করোনায় নেই সচেতনতার বালাই

দিনাজপুরের ফুলবাড়ীতে দিন দিন বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা। প্রথম দিকে শুধু বাইরে থেকে আসা মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ দেখা গেলেও শহর ছেড়ে কোথাও যাননি এমন ব্যক্তিরাও এখন করোনায় সংক্রমিত হচ্ছেন। তবুও বালাই নেই স্বাস্থ্যবিধির। স্বাস্থ্যবিধি মানতে মাইকিং করছে প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুর হোসেন জানিয়েছেন, উপজেলায় এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩ জন। সুস্থ হয়েছেন ১ জন। শনাক্ত লোকজনের মধ্যে উপজেলার পৌর শহরের কাঁটাবাড়ীতে একজন, পূর্ব গৌরীপাড়ায় একজন, প্রফেসরপাড়ায় একজন, দৌলতপুর ইউনিয়নে চারজন, আলাদীপুর ইউনিয়নে তিনজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ তাঁর স্ত্রী এবং ফুলবাড়ীর বাইরের দুজন রয়েছেন। এর মধ্যে একজন নারীসহ তিনজন সুস্থ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে প্রথম কোভিড-১৯-এ আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম দিকে শুধু ফুলবাড়ীর বাইরে থেকে আসা লোকজনের মধ্যেই করোনার সংক্রমণ ধরা পড়ে। কিন্তু এখন যাঁরা শনাক্ত হচ্ছেন তাঁদের কোন ট্রাভেল হিস্টোরি (ভ্রমণ) নেই। তাঁরা স্থানীয়ভাবেই সংক্রমিত হয়েছেন।

পৌর বাজারসহ আশপাশের হাটবাজার ঘুরে দেখা গেছে, করোনাভাইরাসের সংক্রমণের শুরুর দিকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হলেও এখন মানুষের মধ্যে কমেছে সচেতনতা। অধিকাংশ মানুষের মুখেই নেই মাস্ক। কারও কারও মুখে থাকলেও তাঁরা নাক-মুখের নিচে নামিয়ে রাখছেন। সামাজিক দূরত্ব দূরে ঠেলে ভিড় করা হচ্ছে বিভিন্ন দোকানপাটে, গাদাগাদি করে বসা হচ্ছে মাহেন্দ্র ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে। পুরো শহর এখন লোকে লোকারণ্য। গ্রামের মোড়ের চায়ের দোকানগুলোতে মাস্ক ছাড়াই বসে আড্ডা দিচ্ছেন অসচেতন মানুষ।
এদিকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে বিকেল চারটার পর দোকানপাট বন্ধ রাখতে জেলা প্রশাসক নির্দেশ দিলেও মানছেন না কেউ। ফলে রাত আটটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে দোকানপাট খোলা থাকছে। এসব এলাকায় জনসমাগম ঘটছে নিত্যদিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। অহেতুক বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। তবে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি না মানলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।