ফুলবাড়ীতে খনিবিরোধী আন্দোলন ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
দিনাজপুরের ফুলবাড়ীতে অনির্দিষ্ট-কালের হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। গত রোববার দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের বলা হয়, তাঁদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৩১ ডিসেম্বরের মধ্যে জানানো হবে। এর পরই আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। ফুলবাড়ীর সম্ভাব্য খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার প্রস্তাবিত বিষয়ে এশিয়া এনার্জির সমীক্ষায় সহায়তা দিতে স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং স্থানীয় সম্মিলিত পেশাজীবী সংগঠন গত শনিবার সকাল-সন্ধ্যা এবং রোববার থেকে ফুলবাড়ীতে অনির্দিষ্টকাল হরতালের ডাক দেয়। ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যস্থতায় গত রোববার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সিঅ্যান্ডবি ডাকবাংলোয় প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে। সেখানে দিনাজপুরের জেলা প্রশাসক আহমঞ্চদ শামীম আল রাজী বলেন, ‘উচ্চপর্যায়ে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি যে, এশিয়া এনার্জিকে ফুলবাড়ীতে কাজ করার অনুমতি সরকার দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি যথাযথ প্রক্রিয়ায় পাঠানো হয়নি।