ফুলবাড়ীতে খনিবিরোধীদের বিক্ষোভ, লাঠিমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনির বিষয়ে এশিয়া এনার্জিকে সহায়তার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠিসহ তিন দফা দাবি ৩১ ডিসেম্বরের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল প্রশাসন। কিন্তু প্রশাসন সেসব দাবির একটিও পূরণ না করায় হাতে লাঠি নিয়ে গতকাল মঙ্গলবার মিছিল ও সমাবেশ করেছেন খনিবিরোধী আন্দোলনকারীরা।সকাল থেকে আধা বেলা দোকানপাট বন্ধ করে অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন শহরে লাঠি নিয়ে মিছিল করে। এরপর বেলা ১১টায় স্থানীয় নিমতলা মোড়ে সমাবেশ করে তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলম। ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের নেতৃত্বে বিকেল সাড়ে চারটার দিকে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিও শহরে হাতে লাঠি নিয়ে মিছিল শেষে স্থানীয় নিমতলা মোড়ে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম। সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, কমিটির সদস্যসচিব জয় প্রকাশ গুপ্ত, এস এম নূরুজ্জামান, আবদুল মজিদ চৌধুরী, সঞ্জিত প্রসাদ, কমল চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। পৌর মেয়র মানিক সরকার প্রথম আলোকে বলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে এশিয়া এনার্জির ফুলবাড়ীর দপ্তর তুলে নেওয়াসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির সঠিক ব্যাখ্যা দিতে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এখানে আনার আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক। কিন্তু তিনি এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি। তাই ফুলবাড়ীর অস্তিত্ব রক্ষায় আমরা আবারও আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি।’ উন্মুক্ত খননপদ্ধতিতে কয়লা তোলা নিয়ে বহুজাতিক এশিয়া এনার্জিকে সমীক্ষাকাজে সহায়তার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠায়। ওই চিঠি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি গত ২৩ নভেম্বর ফুলবাড়ীতে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। প্রশাসনের পক্ষ থেকে ওই সমাবেশে ১৪৪ ধারা জারি করা হয়। তবে বিক্ষুব্ধ জনতা ১৪৪ ধারা ভেঙে মিছিল ও সমাবেশ করে এবং ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের হরতালের ডাক দেয়। বিষয়টির সুরাহা করতে প্রশাসন ২৬ নভেম্বর স্থানীয় সিঅ্যান্ডবি ডাকবাংলোয় এক বৈঠকে ৩১ ডিসেম্বরের মধ্যে দাবিগুলো পূরণের বিষয়ে আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন।