দিনাজপুরের ফুলবাড়ীতে খুরারোগে আক্রান্ত হয়ে গরু-ছাগল মরে যাচ্ছে। প্রতিষেধক (ভ্যাকসিন) নেই এবং অবরোধের কারণে অন্য কোনো জায়গা থেকেও প্রতিষেধক সংগ্রহ করা যাচ্ছে না।
এ কারণে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এ রোগ প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে ওই কার্যালয় সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে গরু খুরারোগে আক্রান্ত হচ্ছে।
পৌরসভার কৃষ্ণপুর গ্রামের আবদুল মানিক মণ্ডল জানান, সপ্তাহ খানেক আগে এ রোগে তাঁর দুটি গরু মরে গেছে।
একই গ্রামের আবদুল কাদের মণ্ডলের একটি বাছুর মরে গেছে ও একটি বিদেশি জাতের গরু ২০ দিন ধরে খুরারোগে আক্রান্ত।
এ ছাড়া এই রোগে একই গ্রামের জহুরুল ইসলামের একটি গরু, রুহুল আমীনের একটি ছাগল ও আফছার আলীর তিনটি ছাগল মরে গেছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, একধরনের ভাইরাস থেকে এ রোগের সৃষ্টি হয়। কোনো গরু খুরারোগে আক্রান্ত হলে মুখ দিয়ে অনবরত লালা ঝরে, খাদ্য খেতে পারে না, জিহ্বায় একধরনের ঘায়ের সৃষ্টি হয়। অল্প বয়সী গরু হলে বাঁচানো যায় না। তবে সময়মতো প্রতিষেধক ও রোগের চিকিৎসা দিতে পারলে বাঁচানো সম্ভব। মাস দুয়েক আগে কোরবানির ঈদে প্রচুর ভারতীয় গরু দেশের অভ্যন্তরে ঢুকেছে। সম্ভবত ওই গরুগুলোর ভাইরাস থেকে এ রোগের সৃষ্টি হয়েছে। এই রোগ খুব দ্রুত পশু থেকে অন্য পশুতে ছড়িয়ে পড়ে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এম মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, দেশের বিদ্যমান পরিস্থিতি ও অবরোধের কারণে দপ্তরের বাইরে মোটরসাইকেলে করে চলাফেরা করা যাচ্ছে না। দূরের কোনো গ্রামে খুরারোগের সন্ধান পেলেও এ অবস্থায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হচ্ছে না। হরতাল অবরোধের কারণে সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে। অন্য দিকে বাজারে প্রতিষেধকের দামও বেশি।
অবরোধের জন্য ঢাকা কিংবা অন্য কোনো জায়গা থেকেও প্রতিষেধক সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে গরুর এ রোগ থেকে মুক্তি পেতে গ্রামগঞ্জের মানুষজনকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।