ফুলবাড়ীতে খড়ের গাদায় আগুন গ্রেপ্তার ৪
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য গত রোববার বিভিন্ন খড়ের গাদায় আগুন লাগানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার ভোরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চন্দন রায় নামের এক তরুণকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ওই গ্রামের নুরুল ইসলাম, জাকারিয়া হোসেন ও শামীম হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি জামায়াত-শিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চন্দন রায় খড়ের গাদায় আগুন লাগানোর কথা পুলিশ ও গ্রামবাসীর কাছে স্বীকার করেছেন। চন্দন জানিয়েছেন, ছয়-সাতজন লোক ভয়ভীতি দেখিয়ে এবং শরীরে অস্ত্র ঠেকিয়ে গ্রামের ছয়টি খড়ের গাদায় তাঁকে আগুন লাগাতে বাধ্য করেন। ওই ব্যক্তিরা পেট্রল ছিটিয়ে দিয়ে তাঁকে আগুন দিতে বলেন।ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস মহন্ত বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য আগুন লাগানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, গত রোববার রাত পৌনে ১২টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মো. আমিনুল ইসলামের বাড়ির সামনে রাখা খড়ের গাদায় প্রথম আগুন লাগানো হয়। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচ ব্যক্তির বাড়ির খড়ের গাদায় আগুন লাগানো হয়। পরে দমকল বাহিনীর কর্মীদের চেষ্টায় রাত তিনটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই মামলা করেন।