ফুলবাড়ীতে খড়ের পালায় আগুন, এলাকায় আতঙ্ক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে গত রোববার দিবাগত রাতে ছয়টি বাড়ির খড়ের পালায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটাতে পারে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ১২টার দিকে কাঁটাবাড়ী গ্রামের আমিনুল ইসলামের বাড়ির সামনে রাখা খড়ের পালায় প্রথম আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করার ৩০ মিনিট পর জানতে পারে, পাশের বিষ্ণুচন্দ্র রায়ের খড়ের পালায় আগুন লেগেছে। এভাবে পর পর নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, রফিক উদ্দীন ও তোছাদ্দেক হোসেনের খড়ের পালায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে রাত তিনটায় আগুন নেভান। খড়ের পালায় আগুন লাগানোর খবর ছড়িয়ে পড়লে পাশের গ্রামগুলোর লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মোকাররম হোসেন জানান, সময়মতো ঘটনাস্থলে যেতে না পারলে লোকজনের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ত। এতে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল জানান, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটাতে পারে। বিষয়টি নিয়ে এখনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।