ফুলবাড়ীতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে এসআইসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গত মঙ্গলবার রাতে পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দলীয় সূত্র জানায়, গত ৮ মে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়। তখন থেকেই নবগঠিত কমিটির সভাপতি এমদাদুল পক্ষ ও কমিটির নেতৃত্ব থেকে বাদ পড়া হাসানুজ্জামান সুমন পোদ্দার পক্ষের বিরোধ চলে আসছে। ২২ জুলাই ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এমদাদুল পক্ষের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে সুমন পোদ্দার মারধর করেন। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে মেহেদী হাসান ও তাঁর দলবল সুমন পোদ্দারকে মারধর করে। এ নিয়ে মঙ্গলবার রাত নয়টায় উভয় পক্ষকে নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোরাম রব্বানী সরকার সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত সুত্র জানায়, বৈঠকে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমন পোদ্দার ক্ষিপ্ত হয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। বাধা দিতে গিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশীদ ও টহলরত পুলিশের এসআই আমীর হোসেন রামদার কোপে গুরুতর আহত হন। এ সময় আরও আহত হন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রলীগের কর্মী ফরহাদ পোদ্দার, হাসানুর রহমান হাসান। তাঁদের রাতেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে হারুন অর রশীদ ও পুলিশের এসআই আমীর হোসেনের অবস্থার অবনতি ঘটলে গতকাল বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে গতকাল সকালে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সাংসদ মো. জাফর আলী আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার বলেন, ‘আমাকে একেবারেই মেরে ফেলার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করা হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছি। হারুন ও এসআই আমীর হোসেন বাধা না দিলে মারা পড়তাম।’ ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোনায়েম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।