প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বখাটে ও তাঁর সঙ্গীরা এক তরুণীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সরস্বতীপুর গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই তরুণী প্রথম আলোকে বলেন, একই গ্রামের মোশাররফ হোসেন (২৬) প্রায় প্রতিদিন কলেজে যাবার সময় তাঁকে উত্ত্যক্ত করতেন। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হলে এসিড দিয়ে শরীর পুড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন। রোববার সকালে মোশাররফ ও তাঁর কয়েকজন বন্ধু তাঁকে জোর করে বাড়ি থেকে নিয়ে যেতে চান। বাধা দিলে তাঁরা তাঁকে মারধর করে এবং শরীরে চাকু ও রড দিয়ে আঘাত করে।