ফুলবাড়ীতে তিন শিক্ষক বহিষ্কৃত, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দারুল সুন্নাহ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গতকাল মঙ্গলবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় তিন শিক্ষক ও তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপর এক শিক্ষককে। পরীক্ষা কেন্দ্রের সচিব ইকবাল হোসেন জানান, পানিকাটা দাখিল মাদ্রাসার সহ-সুপার আরিফুল হক এক কক্ষের পরীক্ষার্থীকে অন্য কক্ষে বসিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। সেখানে দাখিল পাস করা এক ছাত্রীকে পরীক্ষা দেওয়ার নাম করে অন্য পরীক্ষার্থীদের সহায়তা করা হচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতাপ চন্দ্র বিশ্বাস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। তিনি ওই কক্ষে ঢুকে বিষয়টি বুঝতে পেরে ওই দুটি কক্ষের তিনজন পরিদর্শক ফুলবাড়ী দারুল সুন্নাহ ফাজিল মাদ্রাসার শিক্ষক শাহাদৎ হোসেন, নবগ্রাম ফাজিল মাদ্রাসার শিক্ষক সোহরাব আলী ও উত্তর রঘুনাথপুর দাখিল মাদ্রাসার শিক্ষক কামরুল হাসানকে বহিষ্কার করেন। একই সঙ্গে কাজিহাল মাদ্রাসার এক ছাত্রী ও পানিকাটা মাদ্রাসার দুই ছাত্রীকে বহিষ্কার করেন। তিনি সহ-সুপার আরিফুল হককে গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি নির্দেশ দিলে তাঁকে গ্রেপ্তার করা হয়।ইউএনও বলেন, ‘পাবলিক পরীক্ষার আইন লঙ্ঘন করায় শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কার ও এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া শিক্ষকের মুক্তির দাবিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকেরা গতকাল ফুলবাড়ী পৌরসভা ভবনের সামনে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে সমাবেশ করেন। সমাবেশে অভিযোগ করা হয়, সামান্য অপরাধে ইউএনওর নির্দেশে ওই শিক্ষককে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁরা ইউএনওর প্রত্যাহার দাবি করেন।