ফুলবাড়ীতে দুর্গাপূজা মেলা
হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার দিনাজপুর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে ‘দুর্গাপূজা মেলা’ বসেছে।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিরঞ্জন কুমার রায় বলেন, এই দুর্গাপূজা মেলাটি ফুলবাড়ীর ঐতিহ্যবাহী মেলা। ফুলবাড়ীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ভক্তরা এ মেলায় আসেন।
গতকাল মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের দর্শনার্থীদের পদচারণে মুখরিত মেলা প্রাঙ্গণ। শাঁখা, সিঁদুর, চুড়ি, মালা ছাড়াও রামায়ণ, মহাভারতসহ হিন্দু ধর্মের নানা বিষয়ের ওপরে লেখা বই, শিশুদের খেলনা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাহারি খাবার, ফুল ও বিভিন্ন প্রকার মৌসুমি ফলের পসরা নিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ ছাড়া মেলায় এসেছে ঘরের শোভাবর্ধনের নানা উপকরণ।
পূজা উদ্যাপন কমিটির অন্যতম সদস্য চিত্তরঞ্জন দাস বলেন, দুর্গাপূজা উপলক্ষে মেলা বসলেও মেলাটি সর্বজনীনতার রূপ পেয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক মো. সাদেকুল ইসলাম বলেন, শিশুকাল থেকে বাবার হাত ধরে এ মেলায় আসা শুরু করেছেন। এলাকার সব ধর্মের মানুষ শিশুসন্তানদের নিয়ে মেলাটিতে আসেন।