ফুলবাড়ীতে নষ্ট হচ্ছে টেলিফোন স্টেশন
রক্ষণাবেক্ষণের অভাবে দিনাজপুরের ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনের (টেলিফোন) ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কর্মরত চারজন কর্মকর্তা-কর্মচারী নিয়মিত আসেন না। এ কারণে ইতিমধ্যে এ ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), অগ্নিনির্বাপণের সিলিন্ডারসহ মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। এ ছাড়া এ স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টারে বহিরাগত ব্যক্তিরা বসবাস করছে।জানা গেছে, এই স্টেশনে কর্মরত চারজনের মধ্যে দুজন উপসহকারী প্রকৌশলী রয়েছেন। তাঁরা হলেন আবেদুর রহমান ও আবদুস সাত্তার। অপর দুজন হলেন টেকনিশিয়ান রায়হান আলী ও ওয়্যারলেসম্যান (লাইনম্যান) আবদুল খালেক। তাঁদের কেউই নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করেন না।১৯৭৯ সালে স্টেশনটি প্রতিষ্ঠা করা হয়। কয়েক বছর আগেও এটি জমজমাট ছিল। এখানে অবস্থিত ৮৫ মিটার উঁচু টাওয়ারের মাধ্যমে দেশে-বিদেশে টেলিফোন-টেলিগ্রাফের সংকেত আদান-প্রদানে সহায়তা দেওয়া হতো। এ ছাড়া এ কার্যালয়ের মাধ্যমে রংপুর, দিনাজপুর ও জয়পুরহাট জেলায় টেলিফোনের সংযোগ দেওয়া হতো। বর্তমানে অপটিক্যাল ফাইবার দিয়ে সংকেত আদান-প্রদানের সুবিধা চালু হওয়ার পর এ কার্যালয়ের কাজ অনেক কমে গেছে। এখন এখান থেকে আশপাশের উপজেলায় শুধু টেলিফোনের সংযোগ দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে, ভবনটি আগাছা ও ময়লা-অবর্জনায় ভরা। এর পাঁচটি কক্ষের প্রতিটিতে তালা ঝুলছে। এর সামনের চত্বরে ধানের চাষ করা হয়েছে। ৬২ বছর বয়সী এক বৃদ্ধ ওই ধানখেতের আগাছা পরিষ্কার করছেন। মকবুল হোসেন নামের ওই বৃদ্ধ বলেন, উপসহকারী প্রকৌশলী আবেদুর রহমান তাঁকে নৈশপ্রহরীর দায়িত্ব দিয়েছেন। কার্যালয়ের ভেতর প্রায় সাড়ে চার বিঘা জমি চাষাবাদের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।মকবুল হোসেন আরও জানান, উপসহকারী প্রকৌশলী আবেদুর রহমান মাঝেমধ্যে কার্যালয়ে আসেন। তাঁর বাড়ি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে। অপর উপসহকারী প্রকৌশলী আবদুস সাত্তারের বাড়ি সৈয়দপুরে। তিনি মাসে দু-একবার আসেন। লাইনম্যান আবদুল খালেকের বাড়ি জয়পুরহাট জেলায়। তিনি শুধু বেতন তোলার সময় একবার কার্যালয়ে আসেন। টেকনিশিয়ান রায়হান আলীর বাড়ি ফুলবাড়ীতে। তিনি প্রতিদিন কিছুক্ষণের জন্য আসেন।এ স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের চারটি কোয়ার্টারের একটিতে থাকেন জয়পুরহাট বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিগ্রাম মাস্টার (টিএম) গোলজার হোসেন। তিনি প্রায় ১০ বছর ধরে এখানে আছেন। গোলজার হোসেন বলেন, কোয়ার্টারে থাকতে কেউ নিষেধ করেনি। তা ছাড়া ফাঁকা আছে বলে তিনি থাকেন। অপর একটি কোয়ার্টারে থাকেন ফুলবাড়ী রেলঘুমটি এলাকার ভটভটির চেইন মাস্টার আবুল কালাম। তিনি বলেন, ‘কোয়ার্টারগুলোতে কেউ থাকে না। নিজের থাকার জায়গা নাই, তাই এখানে থাকি।’উপসহকারী প্রকৌশলী আবেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। অপরজন আবদুস সাত্তার বলেন, ‘আবাসিক কোয়ার্টারগুলো পরিত্যক্ত হওয়ায় সেখানে থাকি না। দপ্তরে তেমন কাজ নাই। তাই বাড়ি থেকে অফিস করি।’ মালামাল চুরির বিষয়ে তিনি জানান, নৈশপ্রহরী নেই। তাই স্টেশনের সরঞ্জাম চুরি হচ্ছে দেখে একজন লোককে একটি কোয়ার্টারে থাকার ও চত্বরের জমি চাষের সুযোগ দিয়ে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। কোয়ার্টারে বাইরের লোকজনের বসবাসের বিষয়ে তিনি জানান, কোয়ার্টারগুলোতে লোকজন থাকলে কিছুটা হলেও পাহারার কাজের সুবিধা হয়। এ জন্য কাউকে সেখানে থাকতে নিষেধ করা হয়নি।