ফুলবাড়ীতে পাটকলে আগুন, বিপুল ক্ষতি
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি পাটকলে গত শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে সাড়ে চার কোটি টাকার মালামাল পুড়ে গেছে। একই রাতে বগুড়ার আদমদীঘিতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি দোকান ও শেরপুরে খড়ের পালা পুড়ে গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: গত শনিবার ভোর রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মির্জা জুট মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে। মির্জা জুট মিলের ব্যবস্থাপক আবদুল করিম জানান, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ওই স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা তিন ঘণ্টা চেষ্টা করে সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এই সময়ের মধ্যেই গুদামে থাকা ২৬ হাজার ৪০০ মণ পাট ও ৫৬৭ মণ সুতলি পুড়ে ছাই হয়ে যায়। পাট ও সুতলির আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। তবে আগুনে মানুষ ও শিল্পপ্রতিষ্ঠানটির অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।
আদমদীঘি (বগুড়া): গত শনিবার গভীর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার কদমা গ্রামের আলতাব হোসেনের একটি মুদিদোকান দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। আলতাব হোসেন জানান, রাত তিনটার দিকে কে বা কারা তাঁর মুদিদোকানে আগুন ধরিয়ে দেয়। আগুনে দোকানে থাকা রেফ্রিজারেটর, টেলিভিশন, চাল, ডাল, ময়দাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ ছাড়া আগুনে দোকানসহ তাঁর দুটি ঘর পুড়ে গেছে। আদমদীঘি থানার উপপরিদর্শক সেকেন্দার আলি জানান, এ ঘটনায় আলতাব হোসেন গতকাল থানায় মামলা করেছেন।
শেরপুর (বগুড়া): উপজেলার গোপালপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেলাল হোসেনের তিনটি খড়ের পালা পুড়ে গেছে। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় প্রায় এক ঘণ্টা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।