ফুলবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মো. রাজীব এবং গোলাম মোস্তাফিজার রহমান (২৫) নামের দুজন নিহত হয়েছেন।
রাজীব দিনাজপুর নিউ টাউন এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে এবং গোলাম মোস্তাফিজার রহমান ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ি মহল্লার এজাজুল হকের ছেলে।
ফুলবাড়ী থানা এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের রাঙামাটি এলাকায় মোটরসাইকেলের চাকা ফেটে চালক মো. রাজীব নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
অপরদিকে সড়ক দুর্ঘটনায় আহত মোস্তাফিজার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০ টায় মারা গেছে। তাঁর চাচা রেজাউল মণ্ডল জানান, গতকাল রোববার রাতে মোস্তাফিজার তাঁর বাবাসহ ফুলবাড়ী উপজেলার বারাই বাজার থেকে টেম্পোতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটপাড় মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাবা-ছেলে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাতেই ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা মোস্তাফিজারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজার মারা গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী প্রথম অলোকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাজীবের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোস্তাফিজারের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।