ফুলবাড়ীতে প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ২০১২-১৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, সড়কগুলোতে যে পরিমাণ মাটি দেওয়ার কথা, তা না করে নামকাওয়াস্তে কিছু মাটি ফেলে দায়সারাভাবে কাজ করা হয়েছে। এ ছাড়া এলাকার দরিদ্র লোকজনদের এই কাজে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রকল্প চেয়ারম্যানরা চুক্তিতে বহিরাগত শ্রমিকদের দিয়ে এই কাজ করিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘প্রত্যেকটি প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকটি প্রকল্প ঘুরে দেখেছি বরাদ্দের অর্থ হরিলুট হচ্ছে। চেয়ারম্যান-মেম্বার ও কয়েকজন কর্মকর্তা বরাদ্দের টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছেন। এসব প্রকল্পে মানুষের ন্যূনতম উপকার হচ্ছে না।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাবিখা কর্মসূচির আওতায় সাধারণ বরাদ্দের ১৫২ দশমিক ৬৪ মেট্রিক টন এবং স্থানীয় সাংসদ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের বিশেষ বরাদ্দের ১২০ মেট্রিক টন চাল বণ্টন করা হয়। এসব চালের বিপরীতে উপজেলার সাতটি ইউনিয়নে ২১টি প্রকল্প গ্রহণ করা হয়। ১৬ ও ১৭ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, শিবনগর ইউনিয়নের রাঙামাটি হিমাগার থেকে দেবিপুর পর্যন্ত সড়কে দায়সারাভাবে মাটি দেওয়া হয়েছে। সড়কটিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ মেট্রিক টন চাল। ওই প্রকল্পের সভাপতি সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য রুহুল আমীন অনিয়মের কথা স্বীকার করে বলেন, ‘ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যেভাবে সড়কে মাটি দিতে বলেছেন তাতে মান-সম্মান থাকে না। প্রকল্পের সভাপতি আমি। কিন্তু খবরদারি করেন চেয়ারম্যান। একেবারে কাজ হয়নি, তাই বরাদ্দের চাল তুলিনি। নিজে সমঞ্চান নিয়ে চলে এসেছি।’ আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুরে স্বরজিতের দোকান থেকে আবদুস সালামের বাড়ি পর্যন্ত এবং বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিক থেকে তেপতি রাস্তার মোড় পর্যন্ত সড়কের ওপরও সামান্য মাটি ফেলা হয়েছে। কয়েকজন ইউপি চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যান বলেন, পিআইও মজিবর রহমান ওপর মহলে খরচের কথা বলে বরাদ্দ প্রতি টন চালের বিপরীতে আড়াই হাজার টাকা এবং সড়কের কাজ বুঝে নেওয়ার জন্য তিন থেকে পাঁচ হাজার করে টাকা নিচ্ছেন। তবে পিআইও প্রকল্পের কাজে অনিয়মের বিষয়টি স্বীকার করলেও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। পিআইও বলেন, ‘কিছু প্রকল্প পরিদর্শন করে দেখেছি অবস্থা ভালো না। তবে এখনো প্রকল্পের চেয়ারম্যানদের দ্বিতীয় দফার চাল ছাড় দেওয়া হয়নি।’ ইউএনও মনিরুজ্জামান বলেন, কয়েকটি প্রকল্প পরিদর্শন করার পর প্রকল্পের চেয়ারম্যানদের ডেকে জানানো হয়েছে প্রকল্পের কাজের ব্যাপারে অভিযোগ থাকলে বরাদ্দ দেওয়া হবে না।