ফুলবাড়ীতে বেদখল হচ্ছে সওজের জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মালিকানা দাবি করে এই জমিতে চাষাবাদ ও গাছের চারা রোপণ করছেন। কয়েকজন খারিজের জন্যও আবেদন করেছেন।
স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান অভিযোগ করেন, সরকারি জায়গা দখলের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সওজের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করার পরও তাঁরা ব্যবস্থা নিচ্ছেন না।
ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, দখলের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি সওজ অধিদপ্তরকে জানানো হয়েছে। সওজ কার্যালয় দখলদারদের নামে নোটিশও দিয়েছে। তবে কয়েকজন দখলদার জমির কিছু অংশের মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন। তাই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
দিনাজপুর সওজ কার্যালয় সূত্র জানায়, ১৯৫৪ সালে ওই সম্পত্তি সওজের নামে হুকুমদখল করা হয়। শুরুর দিকে সেখানে সওজের নিজস্ব ইটভাটা ছিল। তবে ইটভাটা উঠে যাওয়ার পর থেকে বহু বছর জমিটি ফাঁকা পড়ে ছিল। একসময় সড়কের ধারে হেলিপ্যাড নির্মাণ করা হয়।
উপজেলার শিবনগর ইউনিয়ন তহশিল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালে রাজারামপুর মৌজায় ফুলবাড়ী শহরের সামান্য পশ্চিম দিকে দিনাজপুর সড়কে ১৫ দশমিক ৪৬ একরের ওই সম্পত্তি সওজের নামে হুকুমদখল করা হয়। ১৯৯৬ সালের দিকে সওজের তফসিলভুক্ত সম্পত্তির মধ্যে এক একর ফুলবাড়ী ফায়ার সার্ভিস অধিগ্রহণ করে। ১৯৯৭ সালের ১৯ জানুয়ারি তাদের জমি বুঝিয়ে দেওয়া হয়।
সওজের উপসহকারী প্রকৌশলী সাহানুর রশীদ বলেন, ওই উপজেলায় সওজের উপসহকারী প্রকৌশলীর দায়িত্বে আছেন মো. এজাজুল হক। তবে বর্তমানে তিনি প্রশিক্ষণে আছেন। সাহানুর রশীদ আরও বলেন, জমিটি ফাঁকা পড়ে থাকায় বেদখল হচ্ছে। কার্যালয় থেকে সার্ভেয়ার পাঠিয়ে দখলদারদের নামের তালিকা সংগ্রহ করে প্রত্যেককে নোটিশ দেওয়া হয়েছে।
সওজের ওই সম্পত্তির মালিকানা দাবি করেছেন স্থানীয় বাসিন্দা তফিলউদ্দীন, সোহেল হোসেন, মিয়াজান সরকার, সাইফুল ইসলাম, হামিদুল হক ও ওবায়দুল হক। তাঁরা বলেন, সরকারি সম্পত্তি দখলের অভিযোগ সঠিক নয়। সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে ওই জমি কেনা হয়েছে। মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের কাছে আছে।
সরেজমিনে দেখা গেছে, সওজের ওই জমিতে ফুলবাড়ী-দিনাজপুর সড়কের ধারে একটি হেলিপ্যাড এবং এর পাশেই ফায়ার সার্ভিস স্টেশন। হেলিপ্যাডের কিছু অংশসহ ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত প্রায় এক একর জায়গায় কয়েকজন গাছের চারা রোপণ করেছেন। অন্য প্রান্তে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার কবির হোসেন প্রায় পাঁচ একর জমিতে চাষাবাদ করছেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আহমঞ্চদ আলী বলেন, ওই সম্পত্তির মালিক সওজ। তাঁরা নিয়মিত ভূমিকর পরিশোধ করছে। কিন্তু জমিটি ফাঁকা পড়ে থাকায় মানুষজন দখল করে নিচ্ছে। কবির হোসেন প্রায় পাঁচ একর জমি খারিজ করানোর জন্য কয়েকবার চেষ্টা করেছেন। পশ্চিম গৌরীপাড়া গ্রামের সাইফুল ইসলাম সাড়ে আট শতাংশ, রাজারামপুর গ্রামের তফিলউদ্দীন ২১ শতাংশ এবং কাঁটাবাড়ী গ্রামের মিয়াজান আলী ১৪ শতাংশ জমির খারিজের জন্য আবেদন করেছেন।
জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রশীদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকারি জায়গা কেউ দখল করলেই সেটা দখল হয়ে যায় না। বিষয়টি দাপ্তরিকভাবে দেখা হচ্ছে।