ফুলবাড়ীতে মাদ্রাসাছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আল আমিন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরটারি গ্রামের বাসিন্দা সেনা সার্জেন্ট আজিজার রহমানের ছেলে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, আজিজারের একমাত্র ছেলে আল আমিন। গত মঙ্গলবার ভোরে লালমনিরহাট সদরের গোশালা বাজার এলাকার নিউ কলোনি হাফিজিয়া মাদ্রাসা থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি জিডি করা হয়েছে। 

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আল আমিনের নিখোঁজের খবরে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা। মা শাহানাজ পারভীন ছেলের জন্য কান্নাকাটি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলে বিলাপ করে বলছেন, ‘মোর সোনাক, তোমরা মোর বুকোত আনি দ্যাও।’ 

ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাহামুদুল হাসান বলেন, ‘আল আমিন নিখোঁজের পর থেকে তাকে অনেক খোঁজাখুজি করছি, পাচ্ছি না।’

বেড়ায় আ.লীগের প্রার্থী বাছাই নিয়ে ভোট

পাবনার বেড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গতকাল রোববার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ভোট দিয়েছেন। তবে আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে ‘ভোট’ না বলে ‘মতামত’ বলছেন। এই ভোট বা মতামতের ভিত্তিতে দুই-এক দিনের মধ্যেই দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে বেড়া পৌর কমিউনিটি সেন্টারে একটি সভা আহ্বান করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় শুরু হওয়া সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের সমর্থকদের শপথ করানো হয়। মনোনয়নপ্রত্যাশী ও সমর্থকেরা এই মর্মে শপথ করেন, নির্বাচনে যিনিই দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পাবেন, তাঁর পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।  

সভায় উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রতিটিতেই চার থেকে পাঁচজন করে দলীয় মনোনয়ন পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ অবস্থায় সভায় সিদ্ধান্ত হয়, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কাছ থেকে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী প্রত্যেক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেন। ভোটের ফলাফলের ভিত্তিতে দলীয় প্রার্থীর নাম কেন্দ্রে প্রস্তাব করে পাঠানো হবে এবং ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের বলেন, ‘বিষয়টিকে ঠিক ভোট গ্রহণ না বলে মতামত গ্রহণ বলা যায়। আমরা কেন্দ্রের নির্দেশ মোতাবেক আজকের সভায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলের মতামত গ্রহণ করলাম। এই মতামতের ভিত্তিতে আমরা দলীয় প্রার্থীর নাম কেন্দ্রে প্রস্তাব করে পাঠাব। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তা-ই চূড়ান্ত।’

উল্লেখ্য, বেড়া উপজেলায় প্রথম দফায় অর্থাৎ ২২ মার্চ নয়টি ইউনিয়ন পরিষদের ভোট নেওয়া হবে। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ এবং প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ।

কৃষিবিদদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দেশের বিভিন্ন স্থানে ডিপ্লোমা কৃষিবিদেরা জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের আওতায় বেতন বাস্তবায়ন এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৩ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি মন্ত্রণালয়ের অধীন সব ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদধারীদের দশম গ্রেডে বেতন স্কেলসহ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার ঘোষণা দেন। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি জানানো হয়।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

নাটোর: বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এখানকার ডিপ্লোমা কৃষিবিদেরা। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা ইউনিটের সভাপতি নীরেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহসভাপতি রহমত আলী সরকারসহ অন্য নেতারা। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

সিরাজগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আজমল হক, সাধারণ সম্পাদক আবদুস সোবাহান সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, লোকমান হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

পাবনা: শহরের আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট পাবনা জেলা শাখার সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি হাতেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। পরে কৃষিবিদেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দাবিসংবলিত স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন স্মারকলিপিটি গ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ: দুপুরে শহরের শহীদ সাটু হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

নওগাঁ: সকালে শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রায়, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ক্রীড়াবিষয়ক সম্পাদক আহসান হাবিব রতন প্রমুখ।

ভালোবাসার ৮০ হাজার লাল গোলাপ!

বসন্তের প্রথম দিন থেকেই বগুড়া শহরের শহীদ খোকন পার্কে ফুলের বাজার জমজমাট হয়ে উঠেছিল। পয়লা ফাল্গুনে বসন্ত উৎসব আর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফুল কিনতে আসা মানুষের ভিড়ভাট্টায় জমজমাট হয়ে উঠেছিল শহরের এই ফুলের বাজার। ফুলের দোকানগুলোতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছিলেন ক্রেতারা। এ দুই দিনে প্রায় ৮০ হাজার ফুল বিক্রি হয় বলে ফুল বিক্রেতাদের সূত্রে জানা গেছে।

গত দুই দিনে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছিল লাল গোলাপ। চাহিদা বেড়ে যাওয়ায় একটা লাল গোলাপের দাম ৫ থেকে এক লাফে উঠে গিয়েছিল ৩০ টাকায়। গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধার মতো ফুলের দামেও আগুন লেগেছিল।

বগুড়া জেলা ফুল ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য ও জুয়েল ফুলঘরের মালিক রমজান আলী বলেন, মার্কেটে ২৭টি স্থায়ী ফুলের দোকান রয়েছে। ভালোবাসা দিবস, বসন্ত উৎসব ও সরস্বতী পূজাকে সামনে রেখে কয়েকটি অস্থায়ী দোকানও বসেছে। এবার একসঙ্গে তিনটি উৎসবের কারণে ফুল বিক্রি ভালো হয়। তিনি আরও বলেন, অন্যবার শুধু যশোরের পাইকারি মোকাম থেকে ফুল এলেও এবার ভালোবাসা দিবসে স্থানীয় বাগান থেকেও রেকর্ড পরিমাণ গোলাপ এসেছে। সব মিলিয়ে এবারের ভালোবাসা দিবসে প্রায় ৮০ হাজার গোলাপ, ২০ হাজার গ্লাডিওলাস, ২০ হাজার হাইব্রিড জাতের রজনীগন্ধা (ভুট্টা), এক হাজার আঁটি জিপসি, পাঁচ হাজার রডস্টিক ও এক হাজার জারবেরা ফুল এসেছে বাজারে।

ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাভাবিক সময়ে চায়না জাতের লাল গোলাপ এই বাজারে বিক্রি হতো প্রতিটি পাঁচ টাকা দরে। এখন সেই গোলাপ ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ টাকার গ্লাডিওলাস বিক্রি হচ্ছে ২০ টাকায়, তিন টাকার রজনীগন্ধা ছয় টাকায়, গুচ্ছকরা বুকেট ৪০ টাকারটা ১০০ টাকায় ও ২০ টাকার জারবেরা এখন ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুল কিনতে আসা বগুড়ার একটি সরকারি কলেজের ছাত্রী রোমানা আফরোজ বলেন, ‘ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য ফুল কিনতে এসেছি। দাম বেশি হলেও এখন উপায় নেই। ফুল কিনতেই হবে।’

স্কুলছাত্রী তামান্না বুশরা বলে, ‘ভালোবাসা দিবস আব্বু-আম্মুকেও উইশ করার জন্য। তাঁদের জন্য ফুল কিনতে এসেছি। গোলাপের দামটা বড্ড বেশি।’

তবে ব্যবসায়ীদের দাবি, ভালোবাসা দিবসে বেশি ফুল বিক্রি হলেও এবার লাভ হয়েছে কম। কারণ, পাইকারি বাজারে গতবারের চেয়ে ফুলের দাম এবার বেশি।

বিউটি ফুলঘরের মালিক ও ফুল ব্যবসায়ী সমিতির সহসভাপতি অজিত কুমার দাশ বলেন, এবার ভালোবাসা দিবসের সঙ্গে বসন্ত উৎসব ও সরস্বতী পূজা একসঙ্গে হওয়ায় ফুলের চাহিদা অন্যবারের চেয়ে বেশি। এ কারণে অন্যবারের চেয়ে বিক্রি বেশি হলেও পাইকারি মোকামে অন্যবারের চেয়ে দাম বেশি হওয়ায় তুলনামূলক লাভ হচ্ছে খুব সীমিত।

ফুল ব্যবসায়ী এই নেতার দাবি, গতবার যশোর পাইকারি বাজারে ১০০ চায়না লাল গোলাপের দাম ছিল গড়ে ৮০০ টাকা। এবার সেই লাল গোলাপ কিনতে হয়েছে গড়ে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায়। একইভাবে গতবারের ৮০০ টাকার গ্লাডিওলাস এবার ১০০ কিনতে হয়েছে ১ হাজার ২০০ টাকায়।

মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পানে বাধ্য পাঁচ ইউনিয়নবাসী

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের পানিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি পরিমাণে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে দুটি ইউনিয়নে দেখা দিয়েছে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট। একটি বেসরকারি সংস্থার চালানো জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে।

পানীয় জলের বিকল্প কোনো উৎস না থাকায় স্থানীয় লোকজন বাধ্য হয়ে এ পানিই পান করছে। এতে ওই এলাকায় আর্সেনিক বিষে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নে আর্সেনিকোসিসে আক্রান্ত ৪০ জনকে শনাক্ত করা হয়েছে।

উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আর্সেনিক ঝুঁকিপ্রবণ পাঁচটি ইউনিয়নের মধ্যে দেউলীর ৩১টি, সৈয়দপুরের ৪৩টি, মোকামতলার ৩০টি এবং ময়দানহাট্টা ও শিবগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মোট ২০ হাজার নলকূপের পানি পরীক্ষা করা হয়। বাংলাদেশের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গত জুলাই মাসে এ জরিপ শুরু করে। এরই মধ্যে মাঠপর্যায়ের কাজ শেষ। ২৫ ফেব্রুয়ারির মধ্যে জরিপের যাবতীয় কার্যক্রম সমাপ্ত হবে।

জরিপ পরিচালনাকারী সংস্থাটির গবেষণা সহকারী রিপন আহসান বলেন, এসব এলাকায় ৬৯ শতাংশ বা ২০ হাজার নলকূপের মধ্যে ১৩ হাজার ৮০০টিতেই সহনীয় মাত্রার চেয়ে বেশি মাত্রায় আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। আর দীর্ঘদিন ধরে এই দূষিত পানি পান করায় ওই পাঁচটি ইউনিয়নে এ পর্যন্ত ৪০ জন আর্সেনিকোসিস রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে বেশির ভাগই সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের বাসিন্দা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, পানিতে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা প্রতি লিটারে দশমিক ০১ মিলিলিটার। সর্বোচ্চ সহনীয় মাত্রা প্রতি লিটারে দশমিক ০৫ মিলিলিটার। কিন্তু এ পাঁচটি ইউনিয়নের নলকূপেই দশমিক ০৫ মিলিলিটার মাত্রার থেকে বেশি আর্সেনিকযুক্ত পানি রয়েছে।

উপজেলার গণকপাড়া গ্রামের গৃহবধূ চম্পা বেগমের হাতে-পায়ে আর্সেনিকোসিসের স্পষ্ট ক্ষত। তিনি বলেন, ‘সংসারের খরচ চালাতে পারি না। নলকূপ আর পানি নিয়ে ভাবার সময় কোথায়? যা হওয়ার হবে।’

নাম প্রকাশ না করার শর্তে গণকপাড়া গ্রামের এক গৃহবধূ বলেন, ‘যখন গুটি ওঠে, নিজেই কেটে দিই। কারণ, আমার নিজের চিকিৎসা করানোর সামর্থ্য নেই।’

শিবগঞ্জ উপস্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা আবীর হাসান বলেন, আর্সেনিক যুক্ত পানি পান করলে ত্বকের বিভিন্ন সমস্যাসহ যকৃত ও কিডনী নষ্ট হয়ে যেতে পারে। ক্যান্সারও হতে পারে। দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘আর্সেনিকের জন্য গ্রামবাসী বিশুদ্ধ খাওয়ার পানির সংকটে পড়েছে। এখানকার অধিকাংশ মানুষই আর্থিকভাবে অসচ্ছল। তাদের পক্ষে পানি ফুটিয়ে বা নিজে আর্সেনিকমুক্ত নলকূপ বসিয়ে বিশুদ্ধ পানি পান করা সম্ভব নয়। বিষয়টি আমি উপজেলা পরিষদের সভায় তুলেছি।’

সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন বলেন, নলকূপের পানিতে সহনীয় মাত্রার বেশি আর্সেনিক থাকায় ইউনিয়নে খাওয়ার পানির সংকট চলছে।

উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী অখিল চন্দ্র মণ্ডল বলেন, ‘দুই বছর হলো সরকারি বরাদ্দ নেই। তাই আমরা আর্সেনিকোসিসে আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের কোনো উদ্যোগ নিতে পারছি না।’

সংস্কৃতিমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় আটজন কারাগারে

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতা-কর্মীর হত্যা মামলায় গতকাল রোববার জামায়াতের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো জামায়াত নেতা-কর্মীরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল আনাম, জামায়াত কর্মী মনিরুজ্জামান (২৮), ইব্রাহিম ইসলাম (৩৫), আশরাফুল (২৬), আবদুল সালাম (৪২), আলমগীর হোসেন (৩৫), আবুল বাশার (৩৮) ও আবদুল মালেক কাজী (৪৫)।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ওই আট আসামি গতকাল দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নছিমনের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

সিরাজগঞ্জের সলঙ্গা-তাড়াশ সড়কের বনবাড়িয়া নামক স্থানে নছিমনের ধাক্কায় একটি অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম গোলাম হোসেন (৪০)। তিনি সলঙ্গা থানার জঞ্জালীপাড়া গ্রামের মেরু প্রামাণিকের ছেলে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছবোঝাই একটি নছিমন ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বনবাড়িয়া ভোলার বটতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার চালক সিটে বসে থাকা অবস্থায় নছিমনের চাপে ঘটনাস্থলেই মারা যান।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনটি আটক করতে পেরেছে। তবে নছিমনের চালক নছিমন রেখেই পালিয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। নছিমনটির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাবারের জন্য কৃষি ক্লাব

নিরাপদ খাবারের আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর পত্নীতলা উপজেলার ফতেপুর গ্রামে গতকাল রোববার ফতেপুর জৈব কৃষি ক্লাব গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জৈব কৃষি তৎপরতার সঙ্গে যুক্ত ৬০ জন কৃষক অংশ নেন।

এ সময় বাংলাদেশ অর্গানিক অ্যাগ্রিকালচার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তিনজন কৃষিবিজ্ঞানী উপস্থিত ছিলেন। ফতেপুর দাখিল মাদ্রাসার একটি কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্কাস আলী এতে সভাপতিত্ব করেন। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজিম উদ্দীন, কৃষক নাসির উদ্দীন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রশিদ, কামরুল হাসান, এ এইচ মোস্তফা জামান প্রমুখ।

নাজিম উদ্দীন বলেন, সবাই নিরাপদ খাবার খেতে চায়। এ জন্য জৈব কৃষিব্যবস্থার কোনো বিকল্প নেই।  মাটিতে জৈবিক উপাদান বৃদ্ধি করতে জৈব সার, জৈব কীটনাশক উৎপাদন করতে হবে। তিনি আরও বলেন, এ গ্রামের নাসির উদ্দীন কেঁচো কম্পোস্ট সার উৎপাদক। ২০১৫ সালের ১১ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘সাশ্রয়ে, স্বস্তিতে কৃষক’ শিরোনামে প্রতিবেদন পড়ার পর তিনি নাসিরের সঙ্গে যোগাযোগ করেন। নাসির উদ্দীনের দেখাদেখি এলাকায় অনেকেই কেঁচো কম্পোস্ট সার তৈরিতে যুক্ত হন।

২৮ টাকার অনুভূতিনাশক ইনজেকশন ৩০০ টাকায় 

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অনুভূতিনাশক ইনজেকশনের কৃত্রিম সংকট সৃষ্টি করে ২৮ টাকা ৫০ পয়সা দামের প্রতিটি ইনজেকশন বিভিন্ন ওষুধের দোকানে ৩০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এতে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

গত শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে মানুষের ভিড়। জানা গেল, ভেতরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি বটতলী গ্রামের আবদুল হাকিমের অস্ত্রোপচার হচ্ছে। বাইরে তাঁর বড় ভাই আবদুল মতিন চিৎকার করে চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলছেন। জানা গেল, দুর্ঘটনায় আহত হাকিমের পায়ের একটি আঙুল ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসক অনুভূতিনাশক ইনজেকশন ছাড়াই সেখানে সেলাই দেওয়ার চেষ্টা করলে মতিন বেঁকে বসেন। মতিন বলেন, ‘পা অবশ করার পর সেলাই দেন।’ চিকিৎসক এ সময় তাঁকে বলেন, অনুভূতিনাশক ইনজেকশন এখানে বরাদ্দ নেই। পারলে কিনে আনেন। তিনি (মতিন) দ্রুত ওই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রাসেল ফার্মেসি থেকে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনুভূতিনাশক ইনজেকশন ‘জেসোকেইন’ কিনেন। ইনজেকশনটির গায়ে দাম লেখা রয়েছে ২৮ টাকা ৫০ পয়সা। কিন্তু দোকানি তাঁর কাছ থেকে দাম নেন ৩০০ টাকা।

মতিন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে অবশ করা ইনজেকশন থাকবে না কেন? আর বাজারে ২৮ টাকা দামের ইনজেকশন ৩০০ টাকা নেবে কেন? এটা কি মগের মুল্লুক?’ এরপর রাসেল ফার্মেসির স্বত্বাধিকারী রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগকরে চড়া দামে অনুভূতিনাশক ইনজেকশন বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এর আগে ওই ইনজেকশন বিক্রি হয়েছে এক হাজার থেকে দেড় হাজার টাকায়। কারণ, বাজারে সরবরাহ কম। ইনজেকশনটি কিনতে হয়েছে ২০০ টাকার বেশি দিয়ে। আপনি ওই রোগীর লোককে আমার কাছে পাঠান। কিছু টাকা ফিরিয়ে দিচ্ছি।’ পরে মতিন বলেন, ওই ওষুধের দোকানি তাঁকে ১০০ টাকা ফিরিয়ে দিয়েছেন।

রামনাথপুর গ্রামের চাকরিজীবী ইদ্রিস আলী বলেন, ১৫ দিন আগে তিনি ওই ইনজেকশন ৭০০ টাকায় কিনেছেন। লোহানিয়াপাড়া গ্রামের কৃষক শমসের আলী বলেন, কিছুদিন আগে তিনি ওই ইনজেকশন ৭৫০ টাকায় কিনেছেন।  

স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে থাকা স্বাধীন ফার্মেসির মালিক আবু সাঈদ বলেন, ‘সাড়ে ২৮ টাকার ওই ইনজেকশন ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে আমাদের বিবেক দংশন করে। কিন্তু করার কিছু নেই। ওই অনুভূতিনাশক ইনজেকশন কিনতে গেলে বাধ্যতামূলকভাবে জেসন কোম্পানির ১ হাজার ৫০০ টাকার অন্য ওষুধ কিনতে হয়। ইনজেকশন ছাড়া অন্য ওষুধ চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে লেখেন না। মূলত ওই ইনজেকশনের দাম সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট সৈয়দা শাহনাজ নাসরুল্লাহ বলেন, জেসোকেইন স্থানীয়ভাবে কার্যকরী অনুভূতিনাশক ইনজেকশন। কিন্তু বাজারে ইনজেকশনটি সঠিক দামে পাচ্ছেন না রোগীরা।

বদরগঞ্জ বাজারের রহমান ফার্মেসি ও ঘোষ ফার্মেসিতে খোঁজ নিয়ে ওই ইনজেকশনটি পাওয়া যায়নি। রহমান ফার্মেসির স্বত্বাধিকারী ও উপজেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছার রহমান বলেন, ‘জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনুভূতিনাশক ইনজেকশন রয়েছে। তবে রেজাল্ট ভালো জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জেসোকেইন ইনজেকশনটির। কোম্পানির প্রতিনিধির কাছে ইনজেকশনটি নিতে গেলে দাম বেশি ধরে পাশাপাশি কোম্পানিটির যেসব ওষুধ চলে না, সেই ওষুধ নিতে বাধ্য করেন। তাই ইনজেকশনটি নিই না।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রংপুরের প্রতিনিধি সামসুজ্জোহা গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাজারে অনুভূতিনাশক ইনজেকশন সরবরাহ নেই। দাম তো বেশি হবেই।’

সাংসদের নির্দেশে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত!

ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের বিরুদ্ধে হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী কেবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও এক শিক্ষকের বেতন-ভাতা স্থগিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া এর প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

কাঁঠালডাঙ্গী কেবি ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার বিল তৈরি করে কলেজের অফিস সহকারী মো. আমিরুল ইসলাম ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহরাব হোসেন প্রধানের কাছে স্বাক্ষরের জন্য নিয়ে যান। বিলে সোহরাব হোসেন স্বাক্ষরের আগে তালিকা থেকে কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন প্রধান ও সহকারী অধ্যাপক জিয়াউল হাসানের নাম কেটে দেন। আমিরুল পরে বিষয়টি অধ্যক্ষকে জানান। অধ্যক্ষসহ আরেক শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখায় কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ কর্মবিরতি শুরু করেন।

ওই খবর ছড়িয়ে পড়লে গতকাল কলেজ চত্বরে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরে তাঁরা কলেজে ফটকে তালা লাগিয়ে দেন। এতে কলেজের শিক্ষক-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

এ বিষয়ে হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জিয়াউল হাসান বলেন, ‘রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মামলা দিয়ে হয়রানি করেও দমাতে না পেরে এখন সাংসদ কলেজের শিক্ষকতা চাকরির ওপর হস্তক্ষেপ করছেন। এ কারণে কোনো ধরনের অনিয়ম না থাকলেও কলেজ কমিটির সভাপতির ওপর চাপ দিয়ে আমার বেতন-ভাতা স্থগিত করার অপচেষ্টা করছেন। এ সিদ্ধান্তে স্থানীয় লোকজনের মনে ক্ষোভ দেখা দেওয়ায় তাঁরা বিক্ষোভ করেছেন।’

কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন প্রধান বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিনি কলেজের জমিদাতা এক সদস্যকে ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে পাঠান। এ সময় কমিটির সভাপতি তাঁকে (জমিদাতা সদস্য) জানান, স্থানীয় সাংসদ দবিরুল ইসলাম ওই দুজনের বেতন-ভাতা স্থগিত করতে পরামর্শ দিয়েছেন। পরে গত শুক্রবার সাংসদের সঙ্গে দেখা করে তিনি (অধ্যক্ষ) বিষয়টিতে তাঁর (সাংসদ) হস্তক্ষেপ কামনা করেন। সে সময় তিনি (সাংসদ) কমিটির সভাপতিকে আমার বেতন ছাড় করতে পরামর্শ দেন। তবে সহকারী অধ্যাপক জিয়াউল হাসানের বেতন-ভাতা বন্ধ রাখতে বলেন।’

কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহরাব হোসেন প্রধান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের কারণেই তাঁদের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। বেতন-ভাতা স্থগিত করার আগে তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, লিখিতভাবে নয়, মৌখিকভাবে কয়েক দফা বলা হয়েছে। তবে এ সিদ্ধান্তের পেছনে সাংসদের হাত রয়েছে বলে যে অভিযোগ, তা তিনি অস্বীকার করেন। সাংসদ মো. দবিরুল ইসলামও শিক্ষকদের বেতন-ভাতার ওপর হস্তক্ষেপ করার অভিযোগ অস্বীকার করেছেন।

এসএসসির অতিরিক্ত ফি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে?

দিনাজপুর শিক্ষা বোর্ড ৪ ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে লালমনিরহাট জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএসসির ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নামও আছে।

ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো আমঝোল নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও ডাউয়াবাড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয়। দুটিই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলছে, তাদের বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে পড়ানো হয় না। তাদের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর অনুমতি আছে। তারপরও এসএসসিতে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে নোটিশ আসার ঘটনায় তারা হতভম্ব।

আমঝোল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বলেন, ‘যেখানে মাধ্যমিক শাখা চালুর কোনো অনুমতি পাইনি, সেখানে আমরা কী করে এসএসসির ফরম পূরণ করে শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত টাকা নেব?’ ডাউয়াবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর রহমান বলেন, এমন একটি তালিকা দেখে তাঁরা কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা ভেবে পাচ্ছেন না।

গতকাল রোববার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বলেন, ভুলের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এটা জেলা শিক্ষা কর্মকর্তা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।

লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দীন বলেন, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নাম কীভাবে এ তালিকায় এল, তা তাঁরা বুঝতে পারছেন। শিগগিরই এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো সুরাহা দেবে। তিনি আরও বলেন, এ তালিকা জেলা থেকে পাঠানো হয়নি। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এ তালিকা তাঁদের কাছে এসেছে।

আসমাউলের লেখাপড়া কি বন্ধ হবে!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া গ্রামের আসমাউল হুসনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কিন্তু টাকার অভাবে তাঁর লেখাপড়া এখন বন্ধ হওয়ার পথে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আসমাউল হুসনা ভাগদরিয়া গ্রামের মরহুম আশরাফুল ইসলামের মেয়ে। আশরাফুল গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। সামান্য বেতনের চাকরি। এরপরও খেয়ে না-খেয়ে আশরাফুল দুই মেয়েকে লেখাপড়া করাতেন। কিন্তু বিধিবাম।

গত ১৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আশরাফুল মারা যান। তিনি ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে আশরাফুলের স্ত্রী শাহানা বেগম সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

 আশরাফুলের চার মেয়ের মধ্যে আসমাউল হুসনা সবার বড়। আসমাউল হুসনা ২০০৭ সালে কুঞ্চমালঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ও ২০১০ সালে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান, একই বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০১৫ সালে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পান। বর্তমানে আসমাউল হুসনা ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁর স্বপ্ন ভালো শিক্ষক হওয়া।

আসমাউল হুসনার ছোট বোন তামান্না ইয়াসমিন বাকপ্রতিবন্ধী। সে লেখাপড়া করতে পারেনি। অপর ছোট দুই বোনের মধ্যে তানিয়া সুলতানা গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে এবং লামিয়ার বয়স এখন এক বছর।

শাহানা বেগম বলেন, ‘আমার স্বামী সামান্য বেতন পেতেন। তা দিয়ে কোনোমতে সংসার চালিয়ে মেয়েদের পড়াশোনা করাচ্ছিলাম। আমাদের ছেলে নেই। আশা ছিল মেয়ে শিক্ষিত হয়ে, চাকরি করবে। সংসারে অভাব থাকবে না। কিন্তু স্বামীর মৃত্যুতে পরিবারে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। স্বামীর কর্মস্থল থেকে কিছু টাকা পেয়েছিলাম, তা-ও খরচ হয়ে গেছে। টাকার অভাবে বড় মেয়ের লেখাপড়া এখন বন্ধ হওয়ার উপক্রম। আসমাউল হুসনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকে। টাকার অভাবে সে বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না।’

আসমাউল হুসনা বলেন, ‘কীভাবে লেখাপড়ার খরচ জোগাব, এই চিন্তায় সারা দিন অস্থিরতার মধ্যে কাটাচ্ছি।’

হিলিতে অস্ত্র, জিহাদি বই ও রুপিসহ আটক ৪

দিনাজপুরের হিলি থেকে গত শনিবার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক তৈরির কৌশল-সংবলিত পাকিস্তানি বই, অন্যান্য জিহাদি বই, এক লাখ রুপিসহ চার ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ইসলামপাড়া এলাকার মো. জাহিদ (৩২), দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাবুল হোসেন (৪৩), হিলির মধ্য বাসুদেবপুর গ্রামের বাসিন্দা হোটেল মালিক লোকমান হোসেন (৫৫) ও বৈগাম এলাকার বাসিন্দা হোটেল ম্যানেজার শাহাবুল ইসলাম (২৩)।

বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান (পিএসসি) গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দেশে বড় ধরনের নাশকতা চালানোর জন্য ভারত থেকে অস্ত্রের একটি চালান হিলি হয়ে রাজধানীতে যাওয়ার তথ্য চার দিন আগে তাঁরা জানতে পারেন। সেই তথ্যের ভিত্তিতে গত শনিবার দুপুরে বিজিবি-৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলীর নেতৃত্বে বিজিবির একটি দল প্রথমে হিলির চুরিপট্টি মহল্লা থেকে জাপানের তৈরি একটি নাইন এমএম পিস্তলসহ বাবলুকে আটক করে। এরপর বাবলুকে সঙ্গে নিয়ে সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টার পর্যন্ত হিলির নর্দান প্যালেস নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় বিজিবি। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষের টয়লেট ও তোশকের নিচ থেকে জাপান ও বুলগেরিয়ার তৈরি দুটি নাইন এমএম পিস্তল, তিনটি গুলি, তিনটি ম্যাগাজিন, এক লাখ ভারতীয় রুপি, ২০টি জিহাদি বই, বোমা তৈরির কৌশল-সংক্রান্ত দুটি উর্দু বই, বিভিন্ন ধরনের সিডি, সাংকেতিক ভাষার বিভিন্ন প্রকার চাঁদা আদায়ের বই ও নানা রকম হিসাবের খাতা জব্দ করা হয়। এ সময় হোটেলের মালিক লোকমান, হোটেলের ব্যবস্থাপক শাহাবুল ও জাহিদ নামের আরেকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা কোনো সংগঠনের সদস্য কি না, সে ব্যাপারে জানতে চাইলে কর্নেল খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সেটি পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যাবে। তবে একটি গ্রুপ ভারত থেকে অস্ত্র দিচ্ছে এবং দেশের একটি গ্রুপ তা গ্রহণ করছে বলে প্রাথমিকভাবে তাঁরা তথ্য পেয়েছেন।’ তাঁর দাবি, বিজিবির এ অভিযানের ফলে দুষ্কৃতিকারীদের দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে গেছে।

দিনাজপুরে জাসদের পাল্টা কমিটি

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) দিনাজপুরে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠনের ছয় দিন পর গতকাল রোববার পাল্টা কমিটি গঠন করা হয়েছে।

গতকাল দিনাজপুর প্রেসক্লাবের হলরুমে জাসদের কর্মিসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইমামুল ইসলাম। এ সময় তৈমুর রহমানকে সভাপতি, মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক ও হারুন উর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে পাল্টা কমিটি গঠন করা হয়।

এর আগে ৮ ফেব্রুয়ারি দিনাজপুরে নাট্য সমিতির হলরুমে দ্বিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে লিয়াকত আলীকে সভাপতি, মো. শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হারুন উর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ইমামুল ইসলাম বলেন, ৮ ফেব্রুয়ারির সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের মতামতের তোয়াক্কা না করে কমিটি করেছিল। তাই নতুন কমিটি গঠন করা হয়েছে। 

সংস্কৃতিমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় মামলা

আটজন কারাগারে

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতা-কর্মীর হত্যা মামলায় গতকাল রোববার জামায়াতের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো জামায়াত নেতা-কর্মীরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল আনাম, জামায়াত কর্মী মনিরুজ্জামান (২৮), ইব্রাহিম ইসলাম (৩৫), আশরাফুল (২৬), আবদুল সালাম (৪২), আলমগীর হোসেন (৩৫), আবুল বাশার (৩৮) ও আবদুল মালেক কাজী (৪৫)।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ওই আট আসামি গতকাল দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত

রংপুরের কাউনিয়া উপজেলায় বাসের ধাক্কায় লিটন মিয়া (২২) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার বেইলি সেতু বাজারের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

লিটন মিয়ার বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামে। তিনি বেসরকারি সংস্থা এসকেএসের কর্মী ছিলেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিটন গতকাল সকালে উপজেলার শহীদবাগ গ্রামে ওই এনজিওর কার্যালয়ে কাজ সেরে নাশতা করার জন্য মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। পথে সকাল ১০টার দিকে বেইলি সেতু বাজারের কাছে একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ওই সড়ক দুর্ঘটনার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ীতে মাদ্রাসাছাত্র  নিখোঁজ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আল আমিন (১৪) নামের এক মাদ্রাসাছাত্র ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরটারি গ্রামের বাসিন্দা সেনা সার্জেন্ট আজিজার রহমানের ছেলে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজিজারের একমাত্র ছেলে আল আমিন। গত মঙ্গলবার ভোরে লালমনিরহাট সদরের গোশালা বাজার এলাকার নিউ কলোনি হাফিজিয়া মাদ্রাসা থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি জিডি করা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আল আমিনের নিখোঁজের খবরে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবারের সদস্যরা। মা শাহানাজ পারভীন ছেলের জন্য কান্নাকাটি করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলে বিলাপ করে বলছেন, ‘মোর সোনাক, তোমরা মোর বুকোত আনি দ্যাও।’

ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাহামুদুল হাসান বলেন, ‘আল আমিন নিখোঁজের পর থেকে তাকে অনেক খোঁজাখুজি করছি, পাচ্ছি না।’