ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র মোখছেদুল হক নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবি করে শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল রোববার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কালো ব্যাজ ধারণ করেছে। বেলা ১১টার দিকে ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা তিনকোনা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেন। জানা গেছে, গত শনিবার ভোরে ফুলবাড়ী বিদ্যাবাগিশ সীমান্তে বিএসএফের গুলিতে মোখছেদুল আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত শনিবার রাতে মোখছেদুলের লাশ তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক: গতকাল বিকেলে ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ, সহকারী পরিচালক মুজিবুর রহমান ও অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রাইসুল আলম। ভারতের পক্ষে ছিলেন ১২৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিজয় কুমার, সেউটি-২ কোম্পানির কমান্ডার কৃষ্ণ কুমার ও ক্যাম্প ইনচার্জ প্রভাষ চন্দ্র সিং।