ফুলবাড়ীতে সীমান্তবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কলেজের শিক্ষার্থীদের নিয়ে সীমান্তবিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন। সভায় সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে সীমান্তবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ বলেন, দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে চোরাচালান, মাদক ও মানব পাচার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। কারণ, চোরাপথে অন্য দেশ থেকে কোনো মালামাল এলে তাতে সরকারের কোনো আয় হয় না। আর বৈধভাবে এলে সরকারের আয় হয়। বিভিন্ন খাত থেকে সরকারের আয় দিয়েই দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্কুল-কলেজ-মাদ্রাসার ভবন নির্মাণ, রাস্তাঘাটসহ চাকরিজীবীদের বেতন–ভাতা দেওয়া হয়। তিনি আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদককে শূন্য কোঠায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থান রয়েছে। বিজিবি সদস্য মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। এই অভিযানকে আরও জোরদার করতে সবাইকে বিজিবিকে সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা পেয়ে সমাজ ও দেশ থেকে মাদক নির্মূল করা অবশ্যই সম্ভব হবে।
মানব পাচার সম্পর্কে লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ বলেন, বেশি বেতন দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের মানুষকে বিদেশে নিয়ে গিয়ে তাঁদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। একইভাবে শিশু ও কিশোর-কিশোরীদের বিদেশে পাচার করে দিয়ে পাচারকারীরা তাদের শরীরের মূল্যবান অঙ্গ–প্রত্যঙ্গ বের করে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এসব মানব পাচারকারীদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। একইভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ না করার জন্য অনুরোধ জানান বিজিবির অধিনায়ক।
শেষে বিজিবিতে চাকরিসংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ।
ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আবদুল কুদ্দুস ও ২৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোছা. নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক মিনা দেবী, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, প্রভাষক অমর চাঁদ গুপ্ত, বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের নায়েক মো. কাওসার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক লোক অংশ নেন।