তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি গতকাল সোমবার দিনাজপুরের ফুলবাড়ী শহরের ঢাকা মোড়ে বেলা ১১টা থেকে এক ঘণ্টা সড়ক অবরোধ করে। ২৭ মার্চের মধ্যে জাতীয় কমিটির চার দফা দাবি মানা না হলে ২৮ মার্চ সকাল থেকে খনি এলাকায় ছয় ঘণ্টা রেলপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়।ফুলবাড়ী ও বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনি করার সিদ্ধান্ত প্রত্যাহার, বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্ত ৩০ ব্যক্তির নামে দ্রুত বিচার আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্ত কৃষকের আমন ফসলের ক্ষতিপূরণ প্রদান ও ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির দুটি কার্যালয় প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় শাখা তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, কমিটির সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা রাগীব আহসান, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েত সাকী, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আলতাব হোসাইন, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য আবদুর রউফ প্রমুখ।প্রকৌশলী শেখ শহীদুল্লাহ বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে। বড়পুকুরিয়া ও ফুলবাড়ীতে উন্মুক্ত খনি করার জন্য ফের ষড়যন্ত্র হচ্ছে। বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জমি অধিগ্রহণের অপচেষ্টা চলছে। জরিপকাজে বাধা দিলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামে দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এর পরও কোনো অবস্থাতেই ভূমি জরিপ করতে দেওয়া যাবে না। বড়পুকুরিয়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনি এলাকার পার্শ্ববর্তী জিগাগাড়ী, মৌপুকুর, বাঁশপুকুর, কালুপাড়াসহ ১০ গ্রামে বাড়িঘরে ফাটল, আবাদি জমি ও রাস্তাঘাট দেবে গেছে। সরকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পূনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে একটি প্যাকেজের ঘোষণা দিয়েছে। এরপর ওই এলাকার ৬৪৬ একর জমি অধিগ্রহণের জন্য জরিপকাজও শুরু হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের একটি পক্ষ সরকারের প্যাকেজ মেনে নিলেও তেল-গ্যাস রক্ষা জাতীয়সহ আরেক পক্ষ ওই প্যাকেজ মানতে রাজি নয়।