ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আলু ব্যবসায়ী নিহত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে বস্তার নিচে চাপা পড়ে রেজাউল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-বিরামপুর সড়কের বারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের শহীদুল ইসলামের একমাত্র ছেলে। পুলিশ রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রেজাউল ইসলাম গাইবান্ধা শহরের একটি হিমাগার থেকে আলু কিনে ট্রাকে করে ফুলবাড়ী বাজারে আসছিলেন। তিনি আলুর বস্তার ওপর বসে ছিলেন। পথে ফুলবাড়ী শহরের কাছে বারকোনা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আলুর বস্তার নিচে চাপা পড়ে রেজাউল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, চালক সম্ভবত নেশা করে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণেই ফাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি থানায় রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।