ফুলবাড়ীতে ১৪৪ ধারা জারির প্রতিবাদ
দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি এবং ওই এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর পুলিশি ‘হামলা’র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল শুক্রবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা কারণে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এর মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ করছে সরকার। এশিয়া এনার্জি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়ায় দিন দিন ওই এলাকায় অস্থিতিশীলতা বেড়েই চলছে। তাই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত এবং এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানায় তারা।