ফুলবাড়ীতে ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার বিকেলে ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করেছে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ফুলবাড়ী কয়লাখনি এলাকায় এশিয়া এনার্জিকে সহযোগিতা করতে মন্ত্রণালয়ে পাঠানো চিঠি প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ ডাকা হয়। একই দাবিতে সংগঠনটি আজ শনিবার ফুলবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। জানা যায়, গতকাল বেলা তিনটায় ফুলবাড়ীর নিমতলা মোড়ে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ১২টার দিকে প্রশাসন কয়লাখনি ও আশপাশ এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। বেলা পৌনে তিনটার দিকে কমিটির কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে ফুলবাড়ী পৌঁছান। কিন্তু ১৪৪ ধারা জারি হওয়ায় নেতারা নির্ধারিত সময়ে সমাবেশ করতে পারেননি। বিকেল পৌনে চারটার দিকে সমাবেশস্থলের পাশে সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আনু মুহামঞ্চদ সরকারের সমালোচনা করে বলেন, ফুলবাড়ীবাসী দেশের খনিজ সম্পদ রক্ষা করতে সমাবেশ ডেকেছিল। কিন্তু সরকার ১৪৪ ধারা জারি করে শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিল। এর প্রতিবাদে তিনি শনিবার (আজ) ফুলবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতাল এবং ২৮ নভেম্বর সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। ২৮ নভেম্বর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি প্রত্যাহার না করলে পরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এ ঘোষণার পর উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফুলবাড়ী পৌরসভার মেয়র মানিক সরকারের নেতৃত্বে অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠনের শত শত নেতা-কর্মী মিছিল বের করেন। তাঁরা ফুলবাড়ী শহরের কেন্দ্রস্থল নিমতলা মোড়ে এসে সমাবেশ মঞ্চে ওঠেন এবং ‘১৪৪ ধারা মানি না, মানব না’, ‘এশিয়া এনার্জির দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। হাজার হাজার জনতার সমাবেশ দেখে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা চুপচাপ দাঁড়িয়ে থাকেন।