বিডিআর বিদ্রোহের ঘটনায় দিনাজপুর ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের গ্রেপ্তার ২০ জন বিডিআর জওয়ানের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুস সামাদ। আগামী ৯ মার্চ তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করেছেন আদালত। বুধবার আদালত ওই আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার দুপুর ১২টায় ২০ জওয়ানকে দিনাজপুর জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষের নয়জন আইনজীবী জামিনের আবেদন করেন।জানা যায়, গত ১১ মে দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই ২০ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১২ মে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে দিনাজপুর জেলা কারাগারে পাঠায়। ঘটনা তদন্ত করে গত ৩ জুন পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। আদালত প্রতিবেদনটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ওই দিনই দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে পাঠান।