ফুলবাড়ীর দুই ছাত্র নিখোঁজ দুই মাস, পাচারের আশঙ্কা
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের স্কুলছাত্র শিমুল ও মেহেদী দুই মাস ধরে নিখোঁজ। পরিবারের সদস্যদের আশঙ্কা, পাচারকারীরা তাদের ভারতে পাচার করে দিয়েছে। দুই শিশুসন্তানকে খুঁজে না পেয়ে তাদের পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে।নিখোঁজ ওই দুই শিশুর পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বড়লই গ্রামের আবদুস ছামাদের ছেলে শিমুল ও মো. রায়হানের ছেলে মেহেদী বড়লই বহুমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। গত ১৭ অক্টোবর তারা বিদ্যালয়ে যায়। ছুটির পর তারা বাড়ি ফিরে না আসায় বিদ্যালয়ে গিয়ে পরিবারের লোকজন দপ্তরি রাশেদুল ইসলামের কাছে জানতে পারেন, টিফিনের সময় বিদ্যালয়ের পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি কোয়ার্টারে বিদ্যালয়ের ছাত্র মেহেদী, শিমুল, রাসেল (১) ও রাসেল (২) প্রস্রাব করতে যায়। সেখানে কয়েকজন তাস খেলছিল। ছাত্ররা তাদের দিকে ঢিল ছুড়লে তারা ছাত্রদের ধাওয়া দেয় এবং আপেলকে (১) ধরে মারধর করে। বাকি তিনজন পালিয়ে যায়।মেহেদীর বাড়িতে গিয়ে জানা যায়, তার মা-বাবা ঢাকায় চাকরি করেন। মেহেদী তার নানি নুরোন বিবির কাছে থেকে লেখাপড়া করে। নুরোন বিবি এখন পাগলপ্রায়। তিনি বলেন, ‘হামার সোনাক আনি দেও। উয়াক ভারতে নিয়ে ব্যাচে দিছে।’শিমুলের বাবা দিনমজুর আবদুস ছামাদ খন্দকার অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে ২১ অক্টোবর ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, ‘আমার ধারণা দুজনকে পাচারকারীরা ভারতে নিয়ে বিক্রি করেছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘আমি জেলার সব প্রধান শিক্ষকদের বিষয়টি জানিয়েছি; কাগজে বিজ্ঞাপন দিয়েছি।’ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোনায়েম বলেন, ‘আমরা যথেষ্ট চেষ্টা করছি। সন্দেহভাজনদের থানায় এনে জিজ্ঞাসা করছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি।’