ফুলবাড়ীর শিক্ষা সুন্দরবন রক্ষায় কাজে লাগানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলবাড়ী দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প–বিরোধী আন্দোলন সফল করতে ফুলবাড়ী আন্দোলনের শিক্ষা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বক্তারা।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফুলবাড়ী আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিভিন্ন ​সংগঠনের নেতারা এ কথা বলেন। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ওই শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচির আয়োজন করে।
শ্রদ্ধা জানানোর পর সংক্ষিপ্ত সমাবেশে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক মো. শহীদুল্লাহ বলেন, ন্যায্য আন্দোলন কখনো বিফল হয় না। ফুলবাড়ী আন্দোলনের সফলতায় আত্মতৃপ্তির সুযোগ নেই। ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে। জনগণ আন্দোলনের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, মানুষ কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এর মধ্যে মাতৃভাষার ভাষার অধিকার, মাতৃভূমির অধিকার এবং মাতৃভূমির সম্পদ রক্ষার অধিকার অন্যতম। মাতৃভূমির সম্পদ রক্ষায় ২৬ আগস্ট যাঁরা জীবন দিয়েছিলেন, তাঁরাও শহীদ। তাঁদের আত্মা তখনই শান্তি পাবে, যখন সব দাবি পূরণ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব এম এম আকাশ বলেন, ফুলবাড়ী আন্দোলনের শিক্ষা নিয়ে সুন্দরবনেও বিজয় অর্জন করতে হবে। ফুলবাড়ী আন্দোলনের তিনটি শিক্ষা কাজে লাগানো গেলে সুন্দরবন আন্দোলনও সফল হবে। সেগুলো হলো—প্রথমত, স্থানীয় জনগণ ফুলবাড়ী আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিয়েছিলেন। তাঁদের উদ্বুদ্ধ ও সচেতন করা গিয়েছিল। দ্বিতীয়ত, সমগ্র জাতি আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। তৃতীয়ত, শাসক শ্রেণির যে অংশ ক্ষমতার বাইরে ছিল (আওয়ামী লীগ), তারা আন্দোলনের পক্ষে ছিল। এখন অবস্থা একই রকম। এখন বিএনপি পক্ষে। এটিকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত সুন্দরবন আন্দোলনের ঘাটতি হলো—স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা যায়নি।
কমিউনিস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, সুন্দরবন আন্দোলনে শাসক দলের মাস্তানি ও হুমকির মুখে স্থানীয় জনগণ অনেক কিছু করতে পারছেন না।
অন্যদের মধ্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ মিনারে ফুল দিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা বাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্ক্সবাদী), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন ফুলবাড়ীতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান।
২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে খনিবিরোধী আন্দোলনে পুলিশ-বিডিআরের গুলিতে তিন যুবক নিহত হন। এই দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন।