ফুলে ফুলে ঢলে ঢলে...
বাহারি জাতের গোলাপে ভরে উঠেছে স্টল। রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া আর সূর্যমুখীও। হরেক জাতের ক্যাকটাস আর বাগান বিলাস সাজানো রয়েছে থরে থরে। মেলায় ঢুকে চারদিকে তাকাতেই মনে পড়ে যায় কবিগুরুর সেই গান ‘ফুলে ফুলে ঢলে ঢলে...’।
নানা রঙের আর নানা ধরনের শত শত ফুল নিয়ে রাজশাহীতে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পুষ্পমেলা। রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়-সংলগ্ন মনিবাজার চত্বরে ছুটির দিনে সকালে উদ্বোধনের পর থেকেই মেলায় ছিল পুষ্পপ্রেমীদের উপচে পড়া ভিড়।
‘ওয়ান ব্যাংক পুষ্পমেলা ২০১৬’-এর আয়োজন করেছে রাজশাহীর বৈকালী সংঘ। এটি তাদের দশম আয়োজন। মেলায় পুষ্প প্রদর্শনী ছাড়াও আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
গতকাল সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক জিন্নাতুল বাকেয়া। বৈকালী সংঘের সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম।
আয়োজক বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বলেন, রাজশাহীর মানুষেরা প্রতিবছর এই পুষ্পমেলার অপেক্ষায় থাকে।