ফুলে ফুলে ঢ'লে ঢ'লে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের ঘেরাটোপ থেকে হাঁফ ছেড়ে বাঁচতে অভিভাবকদের হাত ধরে এই শিশু দুটিও গতকাল এসেছিল রাজশাহী নগরের মনিবাজার চত্বরে আয়োজিত ফুলের মেলায় l ছবি: প্রথম আলো
অবরোধের ঘেরাটোপ থেকে হাঁফ ছেড়ে বাঁচতে অভিভাবকদের হাত ধরে এই শিশু দুটিও গতকাল এসেছিল রাজশাহী নগরের মনিবাজার চত্বরে আয়োজিত ফুলের মেলায় l ছবি: প্রথম আলো

হালকা বাতাসে ফুলের ওপর ঢলে পড়ছে ফুল। দেখেই মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান—‘ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদু বায়, ...।’ রাজশাহী নগরের মনিচত্বরে পুষ্পমেলায় এমনই ফুলের সমারোহ ঘটেছে।
দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে নগরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ‘বৈকালী সংঘ’। এতে ২৪টি ফুলের স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, বাগানবিলাস, পিউলি, রজনীগন্ধা, কসমস, জার্বেরা, বাটারফ্লাই, ইনফ্যাশনসহ বিভিন্ন ধরনের ফুল দেখা গেছে। গতকাল মেলার প্রথম দিনে ছিল আবৃত্তি প্রতিযোগিতা। আজ শনিবার দ্বিতীয় দিনে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
গতকাল শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মাহাবুব জামান। তিনি জানান, এই মেলা ঢাকায় হয়। দেশের অন্য জায়গা হয় কি না, তাঁর জানা নেই। রাজশাহীতে এটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই মেলা আরও বড় পরিসরে করতে তাঁরা সহযোগিতা করবেন।
সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভপতি এ ওয়াই এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হোসাইন, ব্যাংক কর্মকর্তা আবদুল মান্নান। স্বাগত বক্তব্য দেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহামেদ।
মেলায় ফুলগাছ কিনে একটি অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী গাজী সালাউদ্দিন। তিনি চার জাতের গোলাপ, দুই প্রজাতির বাগানবিলাস, দুটি স্ট্রবেরি ও একটি জবা ফুলের গাছ কিনেছেন। সালাউদ্দিন জানান, তিনি ফুল খুব ভালোবাসেন। তাঁর বাড়িতে ৩৩ প্রজাতির গোলাপ ফুলের গাছ রয়েছে। এই চার প্রজাতি মিলে তাঁর বাসায় এখন ৩৭ প্রজাতির গোলাপ হলো। তিনি জানান, মেলা থেকে তিনি ৩ হাজার ৫০০ টাকার ফুলগাছ কিনেছেন।
মেলায় ফুলের স্টল নিয়ে বসেছেন নয়মী সরকার। তিনি বলেন, ‘বেচাকেনার চেয়ে হরেক রকম ফুলের মধ্যে সময় কাটানোর মজাটাই উপভোগ করছি।’
বৈকালী সংঘের সভাপতি এ ওয়াই এম মনিরুজ্জামান জানান, ১৯৭৬ সালে তাঁরা প্রথম এই মেলার আয়োজন করেছিলেন। মাঝে কয়েক বছর বাদ গেছে। এখন নিয়মিত চলছে। তিনি জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাঁরা এই মেলার আয়োজন করে থাকেন।