ফুলে ফুলে ভরা নতুন শহীদ মিনার
পরনে জাতীয় পতাকার আদলে তৈরি সবুজ-লাল শাড়ি। হাতে টুকটুকে লাল গোলাপ। ফুলে ফুলে ভরা নতুন শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে ছোট্ট মেয়ে অরণ্য রহমান (৮)। তারপর শ্রদ্ধাবনতচিত্তে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনানীদের স্মরণ। দৃশ্যটি উপস্থিত অনেকের মনে দাগ কাটে।কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী অরণ্য রহমান গতকাল রোববার সকালে শহীদ মিনারে এসে অনেকের সঙ্গে লাইনে দাঁড়ায়। সঙ্গে একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত বাবা মোখলেছুর রহমান। সকাল নয়টায় শহীদ মিনারে ফুলটি দিতে পেরে মহাখুশি অরণ্য রহমান।তারপর শহীদ মিনারের দিকে আঙুল তুলে এই প্রতিবেদককে বলে, ‘এই শহীদ মুক্তিযোদ্ধারা নিজের জীবন বলি দিয়ে বাংলাদেশ স্বাধীন না করলে আমাদের জন্মই হতো না। তাই নতুন প্রজন্মের প্রতিনিধি হয়ে তাঁদের স্মরণ করতে ছুটে এলাম।’নতুন শহীদ মিনারে ফুল দিতে আসা কক্সবাজার কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মিরাজ আহমদ (১১) বলে, ‘জীবনের প্রথম ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানালাম।’গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত বহু শিশু-কিশোর, তরুণ-তরুণী জীবনের প্রথম ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তারা রাজাকারমুক্ত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে।কক্সবাজার জেলা পরিষদ প্রায় ৩৫ লাখ টাকা খরচ করে জাতীয় স্মৃতিসৌধের আদলে কক্সবাজারের এই কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করে দেয়। ১৪ ডিসেম্বর এটির উদ্বোধন করা হয়। গতকাল নতুন শহীদ মিনারে প্রথম বিজয় দিবস পালিত হলো।দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে যথাক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতি, জেলা জাসদ, জেলা বিএনপি, কক্সবাজার সিভিল সোসাইটি, কক্সবাজার মেডিকেল কলেজ, চেম্বার অব কমার্সসহ অন্তত শতাধিক সামাজিক সংস্কৃতিক সংগঠন। সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আরও শতাধিক রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে আমরা ভাঙা শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আসছি। এতে মনটা মরা থাকত। এখন নতুন শহীদ মিনার পেয়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে পড়েন।’জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক নজিবুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে এবার মানুষ বিজয় দিবস পালন করেছেন। এর অন্যতম কারণ নতুন শহীদ মিনার।জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী বলেন, পর্যটন শহরে নতুন শহীদ মিনার নির্মাণ সময়ের দাবি ছিল। দীর্ঘ আন্দোলনের পর নতুন শহীদ মিনার পেলাম। এই শহীদ মিনার পর্যটন শহর কক্সবাজারের মর্যাদা রক্ষা করছে।