ফুলে ফুলে ভরে উঠল জাতীয় কবির সমাধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান

বাংলাদেশের মাটিতেই তাঁর অনেক মহান সৃষ্টি। জীবনের শেষ দিনগুলো এ দেশের মাটিতে কাটিয়েছিলেন। এ দেশের মানুষও ভালোবেসে তাঁকে আপন করে নেয়। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 

এই প্রিয় কবিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে স্মরণ করছে অনুরাগীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতাবোধ ও অসাম্প্রদায়িকতাবোধের চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ প্রতিষ্ঠার আহ্বান নিয়ে উদ্‌যাপিত হচ্ছে তাঁর ১১৮তম জন্মবার্ষিকী। 
জন্মবার্ষিকীর উদ্‌যাপনে রাষ্ট্রীয় পর্যায়ে নানা আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে থাকছে বিশেষ আয়োজন। 
বৃহস্পতিবার ভোরে জাতীয় কবির সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সেই আয়োজনের সূচনা হলো। সকালে ফুলে ফুলে ভরে যায় কবির সমাধি। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আসেন কবির পরিবারের সদস্যরাও। 
কবির পরিবারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তাঁর দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী। ফুল দেওয়ার পর খিলখিল কাজী বলেন, ‘মানুষকে ভালোবাসাই ছিল দাদুর প্রধান আদর্শ। তিনি গোটা বাঙালি জাতির শির চির উন্নত করে গেছেন। গান, কবিতা বা রচনায় তিনি মানুষকে আলোকিত করতে চেয়েছেন।’ 
নতুন প্রজন্ম তথা গোটা বিশ্বের কাছে নজরুলের রচনা ছড়িয়ে দিতে তাঁর রচনাবলীর যথাযথ অনুবাদের ওপর গুরুত্বারোপ করেন খিলখিল কাজী। স্কুল-কলেজ পর্যায়ের সিলেবাসে নজরুল রচনা পাঠ আবশ্যক করার দাবিও জানান তিনি। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধ কিংবা আমাদের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে কবি কাজী নজরুল ইসলাম আমাদের নিরন্তর প্রেরণার উৎস। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থানের এই প্রেক্ষাপটে নজরুলকে আরও বেশি জানা-বোঝা ও অনুভবের প্রয়োজন রয়েছে।’ কবির পরিবারের দাবি অনুযায়ী সংস্কৃতিমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘বিশেষ উদ্যোগ’ নিয়ে শিক্ষাক্ষেত্রে নজরুল পাঠ আরও বিস্তৃত করা হবে। 
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নজরুলের দেখানো অসাম্প্রদায়িক চেতনাবোধে উজ্জীবিত হয়ে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলতে পারলেই জাতীয় কবির প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন হবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। 
বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। 
এদিন শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, জাসাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাসদ মার্ক্সবাদী। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার, নজরুল ইনস্টিটিউট, শিশু একাডেমী, নজরুল একাডেমি। 
সমাধিসৌধের পাশে আলোচনা পর্বের আয়োজন ছিল। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সেখানে সংগীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।