ফুলে ফুলে ভরে গেছে জিরাখেত

কুমিল্লার হোমনা উপজেলায় ৯ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে জিরা চাষ করেছেন দৌলতপুর গ্রামের কৃষক মো. আলমগীর হোসেন। খেতের জিরাগাছগুলো এখন ফুলে ফুলে ভরা।
আলমগীর হোসেন জানান, তাঁর ছোট ভাই মো. আবুল হোসেন ১৪ বছর ধরে সৌদি আববে থাকেন। সেখানে নড়াইলের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় আবুলের। নড়াইলের ওই ব্যক্তির এক ভাই ইরানপ্রবাসী। ইরানপ্রবাসী ওই ব্যক্তি ইরান থেকে রোপণ করার উদ্দেশ্যে কিছু জিরা দেশে নিয়ে আসেন। তাঁর কাছ থেকে আধা কেজি জিরা এনেছেন আলমগীর। সেই জিরা থেকে প্রায় আড়াই শ গ্রাম মাস তিনেক আগে ৯ শতক জমিতে চাষ করেন আলমগীর। তিনি বলেন, ‘আমাদের জমিতে জিরা হবে, তা কখনো কল্পনা করতে পারিনি। সাধারণ ফসলের মতোই জমিতে জিরা চাষ করেছি। ৯ শতক জমিতে জিরা চাষে ১৫ কেজি সার এবং আগাছা পরিষ্কার বাবদ কিছু খরচ হয়েছে। ফুলে ফুলে ভরে গেছে জিরাগাছগুলো। প্রতিটি গাছে জিরাও এসেছে প্রচুর। তবে কখন চাষ করতে হবে, সেই মৌসুম সম্পর্কে আমাদের জানা নেই। আমার জমিতে জিরা চাষ হয়েছে শুনে উপজেলা কৃষি কর্মকর্তা এসেছিলেন কয়েক দিন আগে। তিনি আমাকে নানা পরামর্শ দিয়েছেন।’
৮ মার্চ উপজেলার দৌলতপুর গ্রামে গিয়ে দূর থেকে হলুদ আর সবুজের সমারোহ চোখে পড়ে। হালকা বাতাসে জমির ২০০ থেকে ৩০০ মিটার দূর থেকেই জিরার গন্ধ ভেসে আসছিল। ৩০-৩৬ ইঞ্চি লম্বা গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে। জিরাগাছের পাতা চিকন ও এক থেকে দেড় সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। প্রায় প্রতিটি গাছেই জিরা ধরেছে প্রচুর।
দৌলতপুর গ্রামের সুলতান মিয়া বলেন, ‘আমাদের দেশে জিরা হবে, এটা আমরা কোনো সময় আশা করিনি। আর আমাদের গ্রামের একটি জমিতে জিরা চাষ দেইখা মনটা ভইরা গেছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, ‘এর আগে দেশের অন্য কোথাও জিরা চাষ হয়েছে কি না, তা আমার জানা নেই। বাংলাদেশে জিরা চাষ একেবারেই নতুন একটি বিষয়। হোমনার দৌলতপুর গ্রামে জিরা চাষ হচ্ছে, এমন খবর পেয়ে সেখানে গিয়ে দেখি প্রতিটি গাছে উল্লেখযোগ্য পরিমাণ জিরা এসেছে। জিরার এই চাষ সফল হলে হোমনা তথা দেশে জিরা চাষের একটি বিপ্লব ঘটবে বলে আমার বিশ্বাস।’