ফুলে ফুলে শেষ শ্রদ্ধা রফিকুল ইসলামকে

গত বুধবার কানাডার ভ্যাঙ্কুভারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার রফিকুল ইসলাম। কানাডাতেই হয়েছে তাঁর অন্তিম শয্যা। দূর প্রবাসে মৃত্যু হলেও তাঁর অসামান্য অর্জনকে ভোলেনি বাংলাদেশের মানুষ। তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করতে গতকাল শুক্রবার বিকেলে হাজারো মানুষ এসেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, ভাষা আন্দোলনের পীঠস্থানে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারী’ কালজয়ী এই গানে শুরু হয় রফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর্ব। কবিতা আবৃত্তি করেন লায়লা আফরোজ ও রফিকুল ইসলাম। ‘রফিকুল অন্তরে ধারণ করতেন মুক্তিযুদ্ধ’—এ কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বললেন, এই জাতিসত্তার অহংকার যে ভাষা ও সংস্কৃতি, তা তিনি বিস্মৃত হননি কোনো দিন। সে জন্যই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে ব্রতী হয়েছিলেন। শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের অঙ্গীকার ছিল সেই প্রচেষ্টায়। দিনটি অনাগত দিনে প্রতিটি মানুষের ভাষার অধিকারের লড়াইকে প্রেরণা দেবে।
সারি বেঁধে শহীদ মিনারে রাখা রফিকুল ইসলামের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শত শত মানুষ। শুধু একটি দিনের জন্য নয়, দেশের প্রতিটি স্মরণীয় দিনে রফিকুলের প্রতি শ্রদ্ধায় অবনত হবে এ দেশের মানুষ—এ কথা বললেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। একাত্তরের রণাঙ্গনে রফিকুল যাঁর নেতৃত্বে কুমিল্লায় যুদ্ধ করেছিলেন, সেই জেলা কমান্ডার সৈয়দ রেজাউর রহমানই প্রথম ফুল দিয়ে সতীর্থকে শ্রদ্ধা নিবেদন করলেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ মুক্তিযুদ্ধে রফিকুলের অবদান স্মরণ করে বললেন, ‘একজন প্রকৃত মুক্তিযোদ্ধা জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হলেই তাঁর দায় শেষ হয় না। স্বাধীনতার ২৬ বছর পর ভাষার স্বীকৃতির জন্য লড়াই চালিয়ে সেই সত্য প্রমাণ করেছেন রফিকুল।’ আত্মীয়দের মধ্যে ভায়রা সাইফুল ইসলাম স্মরণ করলেন স্মৃতি। শ্রদ্ধা জানান নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু, রেলমন্ত্রী মুজিবুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ অনেকে।
রফিকুলের ছবির চারপাশ ফুলে ফুলে ভরে যাওয়ার পর সন্ধ্যায় শহীদ মিনারে সমবেত ব্যক্তিরা মোমবাতি জ্বালিয়ে স্মরণ করলেন প্রয়াত এই মুক্তিযোদ্ধাকে। সবার কণ্ঠে তখন ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’।
মিতা হকের কণ্ঠে ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ গান দিয়ে সারা হলো রফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব।
শিক্ষামন্ত্রীর শোক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারে সদস্যদের প্রতি গভীয় সমবেদনা জানান।