ফুলে ফুলে সমাহিত ফিরোজা বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শ্রদ্ধার ফুলে ফুলে ঢাকা ফিরোজা বেগমের মরদেহের পাশে দুই ছেলে (বাঁ থেকে) শাফিন আহমেদ ও হামিন আহমেদ  l ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শ্রদ্ধার ফুলে ফুলে ঢাকা ফিরোজা বেগমের মরদেহের পাশে দুই ছেলে (বাঁ থেকে) শাফিন আহমেদ ও হামিন আহমেদ l ছবি: প্রথম আলো

ভরদুপুর। মাথার ওপর ভাদ্রের সূর্য ঢালছে গনগনে রোদ। শিশু থেকে বৃদ্ধ, মন্ত্রী, আমলা, সরকারি দল থেকে বিরোধী দল, ছাত্র, শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী থেকে একেবারেই নামগোত্রহীন সাধারণ মানুষ প্রখর রোদ উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে আছেন লম্বা সারি দিয়ে। কারও হাতে ফুলের গুচ্ছ, কারও হাতে স্তবক। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছেন কালো মঞ্চে চিরনিদ্রায় শায়িত নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের দিকে। অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে গতকাল বুধবার লোকচক্ষুর চির অন্তরালে গেলেন সর্বস্তরের মানুষের প্রিয় শিল্পী।
শিল্পী ফিরোজা বেগম গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে হাসপাতালের হিমঘরেই তাঁর মরদেহ রাখা হয়। গতকাল সকালে নেওয়া হয় ইন্দিরা রোডের বাসভবন কালিন্দীতে এবং সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা দুইটা থেকে শুরু হয় শিল্পীর প্রতি সর্বস্তরের জনগণের অন্তিম শ্রদ্ধা নিবেদন। এর ব্যবস্থাপনায় ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ সহকারী আবদুস সোবহানের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের পালা। মন্ত্রীদের মধ্যে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ ছাড়া ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, আইনজীবী রফিক-উল হক, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, নাট্যজন রামেন্দু মজুমদার, বিশিষ্ট শিল্পী খালিদ হোসেন, শবনম মুশতারী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজীসহ অনেকে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল (বিএনপি), জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, যুবমৈত্রীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আলাদা করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে ছিল বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বুলবুল ললিতকলা একাডেমি, নজরুল একাডেমি, নজরুল ইনস্টিটিউট, আন্তর্জাতিক নজরুল চর্চাকেন্দ্র, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ছায়ানট, নজরুলসংগীত শিল্পী পরিষদ, নজরুলসংগীত শিল্পী সংস্থা, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, বামবা, নৃত্যশিল্পী সংস্থা, গ্রাম থিয়েটার, গ্রুপ থিয়েটার ফেডারেশন, খেলাঘর, কণ্ঠশীলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, সংগীত ও নাট্যকলা বিভাগ, ঋষিজ, ক্রান্তি, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী প্রভৃতি।
শ্রদ্ধা নিবেদন করে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তিনি খুবই বড় মাপের শিল্পী ছিলেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হলো, তা ভবিষ্যতে পূরণ হবে কি না বলতে পারি না। তবে তাঁর আদর্শ অনুসরণ করতে হবে।’ আসাদুজ্জামান নূরও বলেন প্রায় একই কথা। ‘তাঁর মতো শিল্পী আসেন শতাব্দীতে শতাব্দীতে। তিনি একদিকে নজরুল, অন্যদিকে কমল দাশগুপ্তের সান্নিধ্যে সমৃদ্ধ হয়েছেন। এর পাশাপাশি কঠোর সাধনা করে তিনি যা অর্জন করেছেন, তার পুরোটাই আমাদের দিয়ে যেতে পেরেছেন। তাঁর স্থানটি পূরণ হবার নয়।’
ইন্দিরা রোডের বাসভবনে সকাল থেকেই গণমাধ্যমকর্মী ও শিল্পী ফিরোজা বেগমের অনুরাগীরা উপস্থিত হন। পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয় বাড়িতে প্রবেশ না করে শহীদ মিনারে যেতে। বাড়িতে শুধু তাঁর আত্মীয়স্বজন এবং পরিবারের ঘনিষ্ঠজনেরাই শিল্পীকে শেষবারের মতো দেখে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখানে শ্রদ্ধা জানাতে এসেছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
বাসভবন থেকে শহীদ মিনারে নেওয়ার পর মাইকে তাঁরই গাওয়া গান বাজছিল মৃদু সুরে, ‘আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে...।’ শহীদ মিনারে মায়ের মরদেহের পাশে দাঁড়িয়ে তাঁর বড় ছেলে হামিন আহমেদ বলেন, ‘আমার মা সারা জীবন দিয়ে গেছেন। মা হিসেবে, সংগীতশিল্পী হিসেবে। তাঁর গভীর সাধনা দিয়ে নজরুলসংগীতকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। আজ সেই ইতিহাসের সমাপ্তি হলো। আপনারা গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন। আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
শহীদ মিনারে বোনের স্মৃতিচারণা করে শিল্পীর ভাই আসাফুদ্দৌলা বলেন, ‘তিনি যে নিষ্ঠা, আন্তরিকতা ও সংগ্রামের মধ্য দিয়ে নজরুলগীতিকে নজরুলসংগীত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার তুলনা হয় না। তিনি আপনাদের ভালোবাসা পেয়েছিলেন। সেই ভালোবাসা নিয়েই আজ চলে যাচ্ছেন। তিনি এখন যে জগতে চলে গেছেন, সেখানে এই ফুল পৌঁছাবে না। পৌঁছাবে আপনাদের ভালোবাসা ও দোয়া। আপনারা তাঁর আত্মার চিরশান্তি কামনা করে দোয়া করবেন।’ পরিবারের পক্ষে আরও বলেন শিল্পীর ভাতিজি সুস্মিতা আনিস।
শহীদ মিনারে আরও স্মৃতিচারণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পী শবনম মুশতারী, সাদিয়া আফরিন মল্লিক, আবদুল জব্বার প্রমুখ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ সমবেত জনতার উদ্দেশে শিল্পীর অবদান তুলে ধরে বলেন, ‘স্বাধীনতার পূর্বকালে ও পরে তিনি আমাদের তাঁর গানের মধ্য দিয়ে অনুপ্রাণিত করেছেন। জাতির সত্তাকে উদ্দীপ্ত করেছেন। তাঁর দেহ লোকান্তরিত হলেও তিনি অবিনশ্বর হয়ে থাকবেন বাঙালি অন্তরে।’ তিনি শিল্পীর প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে তিনটায় মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। বাদ আসর জানাজার পর বেলা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশেই চিরশয্যায় শায়িত করা হয় তাঁকে।
ফিরোজা বেগমের বাসায় খালেদা জিয়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রাত পৌনে আটটায় সদ্যপ্রয়াত শিল্পী ফিরোজা বেগমের ইন্দিরা রোডের বাসভবন কালিন্দীতে যান। তিনি শিল্পীর ভাই আসাফুদ্দৌলা, ছেলে হামিন আহমেদ, শাফিন আহমেদসহ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এ সময় খালেদা জিয়া বলেন, ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা উচিত ছিল। সেটা করা হয়নি। কারণ, এই সরকার গুণীজনদের সম্মান করতে জানে না।
বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শোক: শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিরোজা বেগমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে পৃথক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ছাড়া জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, সম্মিলিত সামাজিক আন্দোলন, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটসহ বিভিন্ন সংগঠন ফিরোজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।