ফুলে ফুলে সেজেছে কেশবপুর পৌরসভা
যশোরের কেশবপুর পৌর কর্তৃপক্ষ শহরের ছয়টি স্থানে ফুলের বাগান করেছে। এসব বাগান এখন মানুষের চিত্তবিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। বাহারি ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ।
শহরের ‘রক্তকরবী’ উন্মুক্ত মঞ্চ, উপজেলা পরিষদের পুরোনো কোর্ট ভবনের সামনে, পৌর ভবনের পেছনে, যশোর সাতক্ষীরা সড়কের জামে মসজিদের সামনে এবং কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে দুটি স্থানে মৌসুমি ফুলের বাগান করা হয়েছে।
সবচেয়ে আকর্ষণীয় রক্তকরবী উন্মুক্ত মঞ্চের পাশের বাগানটি। এখানে পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে হরিহর নদ, উত্তর পাশে খোজা খাল। শহরের সবচেয়ে নিরিবিলি এলাকা এটি। এ কারণে এখানে মানুষের সমাগম বেশি। নারী ও শিশুরাও আসছে। সময় কাটাচ্ছে।
ব্যবসায়ী শেখ সাহাবুদ্দীন প্রথম আলোকে বলেন, এখানে সকালে হাঁটতে আসা এবং বিকেলে খোশ গল্প করতে আসা মানুষ ভিড় করে। দেশের অন্যান্য এলাকা থেকেও এখানে অনেক মানুষ আসছে। ফুলবানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে।
কেশবপুর পৌরসভার মালি তরুণ দাস বলেন, এখানে ইনকা গাঁদা, চায়না গাঁদা, নয়নতারাসহ বেশ কয়েক প্রজাতির মৌসুমি ফুলের গাছ আপাতত লাগানো হয়েছে। এক হাজারের বেশি গাছে ফুল ফুটেছে। বড় বড় হলুদ গাঁদা আছে। লোকজন বাগানের সামনে দাঁড়িয়ে ফুল দেখে। তখন তাঁর বেশ ভালো লাগে। তাঁর পরিশ্রম সার্থক বলে মনে হয়।
ঝিনাইদহের মোস্তফা সাদেকুজ্জামান বলেন, তিনি কেশবপুরে ফুফুর বাড়ি বেড়াতে এসেছেন। এই ফুল-বাগান তাঁর নজর কাড়ে। এ কারণে দেখতে এসেছেন।
মনিরামপুরের চিনাটোলা এলাকার আমেনা বেগম বলেন, তিনি আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাগান চোখে পড়ে। তিনি থমকে দাঁড়ান। বাহারি ফুলের সৌন্দর্য উপভোগ করছেন।
গৃহবধূ জেসমিন সুলতানা বলেন, কেশবপুরে কোনো বিনোদনকেন্দ্র নেই। তাই উন্মুক্ত মঞ্চে তাঁর সন্তান সোহাকে নিয়ে এসেছেন ফুলবাগান দেখতে।
পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্য ও মনোজ বসুর কল্যাণে কেশবপুরের সুপরিচিতি রয়েছে। এখানে প্রতিদিন বহু পর্যটক আসেন। আমার স্বপ্ন কেশবপুর একটি সবুজময় ফুলের শহর হবে। আর রক্তকরবী উন্মুক্ত মঞ্চে ঘিরে একটি বিনোদনকেন্দ্র করার পরিকল্পনা রয়েছে, যা আমার নির্বাচনী ইশতেহারে ছিল।’