ফুলে, শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ৩৯তম বার্ষিকী উপলক্ষে শোকের মাস আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
গতকাল শুক্রবার রাষ্ট্রীয় আয়োজনের পাশাপাশি নানা দল-মত, সংগঠনসহ সর্বস্তরের মানুষ শোকের কর্মসূচিতে অংশ নেন। দিনটি ছিল সরকারি ছুটি। ভোরের আলো ফোটার পর থেকেই শ্রদ্ধার ফুলে ভরে ওঠে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থান। বঙ্গবন্ধু চিরনিদ্রায় শায়িত আছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানেও রাষ্ট্রীয় এবং দলীয়ভাবে নানা আয়োজনে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
ঢাকাসহ সারা দেশে শোকের কর্মসূচির মধ্যে ছিল পতাকা অর্ধনমিত রাখা, কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারণ, রক্তদান কর্মসূচি, মিলাদ ও বিশেষ দোয়া। রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, পাড়া-মহল্লা, গুরুত্বপূর্ণ হাঁট-বাজারে মাইকে দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়। দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন।
ঢাকায় অনুষ্ঠিত শোকের অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগের নেতাসহ আগত ব্যক্তিরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। অনেকে ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের কড়া সমালোচনা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য ও ১৫ আগস্ট হত্যার শিকার সবার জন্য জুমার নামাজের পর মসজিদে মসজিদে মোনাজাত ও মিলাদ মাহফিল হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া-মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন। বেলা সাড়ে ১১টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে সুরঞ্জিত সেনগুপ্তসহ আওয়ামী লীগের সনাতন ধর্মাবলম্বী শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একইভাবে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করে।
দিনের শুরুতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। টানানো হয় কালো পাতাকা। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল পৌনে সাতটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা দলের নেতাদের নিয়ে আবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কোরআন থেকে তিলাওয়াতের পর সেখানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে গিয়ে পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে ওই ভবনের যে সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ পড়ে ছিল, সেখানে গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন। পরে তিনি ওই ভবনের একটি কক্ষে বসে কোরআন তিলাওয়াত করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন, সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সরকারদলীয় জোটের বিভিন্ন শরিকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন সেখানে। এ উপলক্ষে ৩২ নম্বরের আশপাশের রাস্তাগুলো শোকের প্রতীক কালো পতাকার পাশাপাশি বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ১৫ আগস্ট হত্যার শিকার তাঁর পরিবারের সদস্যদের কবর রয়েছে। প্রতিটি কবরে ফুল ছিটিয়ে দেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। সেখানেও বিশেষ মোনাজাত করা হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল আগে থেকেই সেখানে উপস্থিত ছিল।
বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা: জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, টিএসসিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে আলোচনা সভা, মিলাদ ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
আরও যেসব সংগঠন শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচি পালন করে সেগুলো হচ্ছে: সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, কেন্দ্রীয় খেলাঘর আসর, জাতীয় মহিলা সংস্থা, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রাসেল শিশু সংসদ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জাতীয় গণতান্ত্রিক লীগ ইত্যাদি।