
ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সির ডাকবাংলা এলাকার মির্জাপুরে ২০ শয্যার একটি হাসপাতালের ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে। কিন্তু হাসপাতালের জনবল-কাঠামো ঠিক হয়নি এখনো। এতে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা যায়নি।
স্থানীয় লোকজন বলেন, আশপাশে হাসপাতাল না থাকায় সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি, চরমজিলিশপুর, বগাদানা, নবাবপুর, আমিরাবাদ, চরদরবেশ ও ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য সোনাগাজী উপজেলা সদর ও ফেনী সদরের বিভিন্ন হাসপাতালের ওপর নির্ভরশীল।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ২০১১ সালে মঙ্গলকান্দি ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের কাজ শুরু হলে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়। তাঁদের আশা ছিল, হাসপাতালটি হলে তাঁদের আর চিকিৎসার জন্য উপজেলা বা জেলা সদরে ছোটাছুটি করতে হবে না। কিন্তু ভবনের নির্মাণকাজ শেষ হলেও এখনো হাসপাতালটি চালু না হওয়ায় এলাকাবাসী হতাশ।
স্থানীয় সূত্র জানায়, মির্জাপুর গ্রামে একটি হাসপাতাল স্থাপনের জন্য গ্রামের কয়েকজন সমাজসেবক ১৯৬৪ সালে স্বাস্থ্য বিভাগকে ৩ একর জমি দান করেন। স্বাধীনতার পর সেখানে সরকার একটি পরিবার কল্যাণকেন্দ্র স্থাপন করে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০১০ সালে মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের ওই জায়গায় ২০ শয্যার বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয় সরকার। একই বছরের ১৮ আগস্ট হাসপাতাল নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০১১ সালে ঠিকাদার নিয়োগ করে কার্যাদেশ দেওয়া হয়। ৫ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৮৮৭ টাকা ব্যয়ে একটি হাসপাতাল ভবন, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন, চিকিৎসক ও নার্স ডরমেটরি, গ্যারেজসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করা হয়। নির্মাণকাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ভবনগুলো বুঝিয়ে দেয়। কিন্তু স্বাস্থ্য বিভাগ এখনো জনবল-কাঠামো ঠিক করেনি। বরাদ্দ দেওয়া হয়নি যন্ত্রপাতি, আসবাব ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম। এতে হাসপাতালটি এখনো চালু করা যাচ্ছে না।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সিভিল সার্জনকে দেওয়া চিঠিতে বলা হয়, ‘জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত স্থানীয় ব্যবস্থাপনায় এবং এমএসআর, পথ্য ও খাদ্যের বরাদ্দসহ অন্যান্য পরিচালন/আবর্তক ব্যয় রাজস্ব খাত হতে প্রাপ্তি সাপেক্ষে চালুর প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।’ মন্ত্রণালয়ের ওই চিঠির পর ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রেষণে একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তাকে দিয়ে সেখানে কোনোমতে বহির্বিভাগ চালু করা হয়। গড়ে প্রতিদিন ২০-২৫ জন রোগী সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা নেন।
জানতে চাইলে সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর বলেন, জনবল নিয়োগ না দেওয়া পর্যন্ত হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব নয়। তিনি বলেন, হাসপাতালের জন্য একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, সার্জারি, অ্যানেসথেসিয়া, শিশু, স্ত্রীরোগ ও মেডিসিন বিভাগের একজন করে জুনিয়র কনসালটেন্ট, আটজন চিকিৎসা কর্মকর্তাসহ ৭৩ জন কর্মকর্তা-কর্মচারীর পদ সৃষ্টির জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।